সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে কোথাও কোথাও ভুলত্রুটি ছিল: সিইসি
-
কে এম নূরুল হুদা।
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে কোথাও কোথাও ভুলত্রুটির কারণে মানুষের আস্থার সংকট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
আজ (বুধবার) সকালে আগারগাঁওয়ের ইটিআই ভবনে ‘পঞ্চম উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোট গ্রহণ’ শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি একথা বলেন।
কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘ইভিএম নিয়ে আমরা অনেক কথা বলেছি। ইভিএম আমরা ধারণ করি। ইভিএমের ওপরে আমাদের আস্থা, বিশ্বাস নানা কারণে এ কথা আপনাদের সামনে আমরা বারবার বলেছি। যত্নসহকারে এর প্রশিক্ষণ নেবেন এবং প্রশিক্ষণ দেবেন। নতুন একটা পদ্ধতি বলে এর কোথাও কোথাও কোনো ভুলভ্রান্তি হয়, মানুষের মধ্যে আস্থার সংকট সৃষ্টি হয়। সেটা আপনাদের ওপর নির্ভর করে।’
সিইসি আরো বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি নির্বাচনী এলাকায় আমরা ইভিএম ব্যবহার করেছি। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, সেটা কোথাও কোথাও ভুলত্রুটি ছিল, অসুবিধা ছিল। সে অসুবিধাগুলো নতুন একটা পদ্ধতি প্রয়োগের সময় এ রকম হতে পারে। একেবারে হতে পারে না, এটা আমি বলব না। তবুও আপনাদের সাবধানতা, সতর্কতা যদি বেশি থাকে, তাহলে সে রকম ভুল হওয়া উচিত ছিল না।’
কে এম নূরুল হুদা বলেন, ‘আমরা বলেছিলাম এটা এমন একটা সিস্টেম যে আধা ঘণ্টা, এক ঘণ্টার মধ্যে জনগণের কাছে তুলে দেব। আমরা সেটি পারিনি। কেন পারিনি, সে কারণগুলো নির্ধারণ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের কী ভুল ছিল, সেগুলো শনাক্ত করতে হবে। সেগুলো সংশোধন করতে হবে।’ ইভিএম ব্যবহার করতে পারলে নির্বাচনে যে অনিয়ম হয় তার বেশিরভাগ অনিয়ম বন্ধ হয়ে যাবে বলেও জানান সিইসি।
'বাংলাদেশে উপজেলা নির্বাচন একটি ঐতিহাসিক ঘটনা' হিসেবে অভিহিত করে সিইসি বলেন, ‘উপজেলা নির্বাচনের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের কাঠামোগত দিক থেকে খুব একটা পার্থক্য নেই। স্থানীয়ভাবে হওয়ায় এই নির্বাচনগুলো আরো বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। আমি আবারও আশা করব, যেভাবে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় আপনাদের ভূমিকা স্বচ্ছ, নিরপেক্ষ, দৃঢ় ছিল; এবারও সে রকম স্বচ্ছ, নিরপেক্ষ হবে।’
অনুষ্ঠানে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৩০
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন