নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল বিরোধী অভিযান জোরদার হবে: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i67817-নিরাপদ_খাদ্য_নিশ্চিত_করতে_ভেজাল_বিরোধী_অভিযান_জোরদার_হবে_প্রধানমন্ত্রী
বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল বিরোধী অভিযান জোরদারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (রোববার) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে দেশে প্রথমবারের মতো দিবসটি পালন করা হচ্ছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০১৯ ১২:৪৭ Asia/Dhaka
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল বিরোধী অভিযান জোরদারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (রোববার) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে দেশে প্রথমবারের মতো দিবসটি পালন করা হচ্ছে।

নিরাপদ খাদ্য নিশ্চিতে আলাদা কর্তৃপক্ষ করার কথা জানিয়ে তিনি বলেন, ভেজাল বন্ধে সরকারের পক্ষ থেকে যা যা করণীয় আমরা তা করবো। হাটে ঘাটে মাঠেও যেন ভেজাল বিরোধী অভিযানটা অব্যাহত থাকে। তার ব্যবস্থাও আমরা নিচ্ছি। ভবিষ্যতে আরও নেবো।

খাদ্যে ভেজাল এক ধরনের দুর্নীতি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খাদ্যে ভেজাল দেয়া, এটা কিছু কিছু মানুষের বোধহয় চরিত্রগত বদ-অভ্যাস। এটা বন্ধ করতে হবে। কারণ এই ভেজাল খাদ্য খেয়ে মানুষের উপকার হবে না বরং অপকারই হবে। তাই ভেজাল বিরোধী যে অভিযান চলছে, এটা আরো জোরালোভাবে চলবে।

ভেজাল বন্ধে নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, জনগণ সচেতন হলে কেউ খাবার নিয়ে জনগণকে ঠকাতে পারবে না। দোকানের খাবার, হোটেল রেস্তোরাঁর খাবার বিভিন্ন খাবারে যে ভেজাল বা বাসি পঁচা খাবার বা বিভিন্ন ঘটনাগুলো ঘটানো হচ্ছে, সেগুলো ব্যাপারে সবাইকে যথেষ্ট সচেতন হতে হবে। এখানে নাগরিক সচেতনতা একান্তভাবে প্রয়োজন।

ভেজাল বন্ধে খাদ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষ ল্যাবরেটরি প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে সরকার প্রধান বলেন, অন্যান্য জিনিসগুলো টেস্ট করার জন্য বিএসটিআইকে আমরা আধুনিক ও উন্নত করেছি। কিন্তু আলাদাভাবে খাদ্য পরীক্ষার জন্য বিশেষ ল্যাবরেটরি একান্তভাবে প্রয়োজন এবং সেই ল্যাবরেটরি আমরা করে দেবো। একটা কেন্দ্রীয় ল্যাবরেটরি থাকবে পাশাপাশি প্রত্যেকটা বিভাগেও ল্যাবরেটরি থাকবে। যাতে যে কোনো সময় আমরা যে কোনো খাদ্য পরীক্ষা করে দেখতে পারি।

এ সময়, খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি চাহিদা নিশ্চিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ২১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ সক্ষমতার কথাও উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার খাদ্য উৎপাদনের পাশাপাশি খাদ্য সংরক্ষণের বিষয়েও কাজ করছে। উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের ভর্তুকিসহ নানা ধরনের উদ্যোগ নিয়েছি। এছাড়া মানুষের খাদ্য নিশ্চিতের পাশাপাশি পুষ্টিহীনতা দূর করতেও উদ্যোগ নেয়া হয়েছে।#

পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/৩