ঢাকার চকবাজারে ভয়াবহ আগুন: নিহত ৭৮
https://parstoday.ir/bn/news/bangladesh-i68270-ঢাকার_চকবাজারে_ভয়াবহ_আগুন_নিহত_৭৮
বাংলাদেশের রাজধানী ঢাকার চকবাজার এলাকার একটি পাঁচতলা আবাসিক ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় অন্তত ৭৮ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। এ ছাড়া তিনটি হেলিকপ্টার দিয়ে উপর থেকে পানি দেয়া হয় আগুন নেভানোর জন্য।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ২১, ২০১৯ ০৩:২৩ Asia/Dhaka
  • আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল বাহিনীর দুই শতাধিক কর্মী
    আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল বাহিনীর দুই শতাধিক কর্মী

বাংলাদেশের রাজধানী ঢাকার চকবাজার এলাকার একটি পাঁচতলা আবাসিক ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় অন্তত ৭৮ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। এ ছাড়া তিনটি হেলিকপ্টার দিয়ে উপর থেকে পানি দেয়া হয় আগুন নেভানোর জন্য।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ আজ (বৃহস্পতিবার) দুপুরে সাংবাদিকদের বলেন, ‘আমরা এ পর্যন্ত আমাদের মর্গে (মেডিকেল কলেজ মর্গ) ৬৭টা লাশ পেয়েছি। আরো ১১টা লাশ আমাদের হাসপাতালে মর্গে আছে। এই টোটাল ৭৮টা লাশ। ৭৮টা লাশের মধ্যে কিছু কিছু লাশ আছে তাদের চেহারা দেখে শনাক্ত করা যাবে। কিছু কিছু লাশ আছে তাদের ফিঙ্গার প্রিন্ট লাগবে, ফিঙ্গার প্রিন্ট দিয়ে শনাক্ত করা যাবে। কিছু কিছু লাশ আছে চেহারা এবং ফিঙ্গার প্রিন্ট দিয়ে শনাক্ত করা যাবে না, তাদের আমরা ডিএনএ প্রফাইলিংয়ের মাধ্যমে শনাক্ত করব।’

 

লালবাগ শাহী মসজিদের পেছনের চুড়িহাট্টার ওই ভবনে বুধবার রাত ১০টা ৩৮ মিনিটের দিকে আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি।

আজ (বৃহস্পতিবার) সকাল ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী সাংবাদিকদের জানান, "যেহেতু এখানে কেমিক্যাল গোডাউন, প্রচুর রাসায়নিক পদার্থ ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশঙ্কা ছিল আশপাশে আরও বেশি ছড়িয়ে যাওয়ার।"

লালবাগ শাহী মসজিদের সুউচ্চ মিনারের শেষ মাথা পর্যন্ত আগুনের লেলিহান শিখা উঠে যায়

নিহত শ্রমিকদের ১ লাখ ও আহতদের ৫০ হাজার টাকা দেবে শ্রম মন্ত্রণালয়

পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শ্রমিকদের এক লাখ টাকা ও আহত শ্রমিকদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আকতারুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। একই সঙ্গে তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/আশরাফুর রহমান/২১