চকবাজারে অগ্নিকাণ্ড: দায় স্বীকার করে সরকারকে পদত্যাগের আহ্বান রিজভীর
https://parstoday.ir/bn/news/bangladesh-i68352-চকবাজারে_অগ্নিকাণ্ড_দায়_স্বীকার_করে_সরকারকে_পদত্যাগের_আহ্বান_রিজভীর
বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চকবাজারে অগ্নিকাণ্ডের দায় স্বীকার করার পর, সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০১৯ ১৩:২৮ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভী আহমেদ
    রুহুল কবির রিজভী আহমেদ

বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চকবাজারে অগ্নিকাণ্ডের দায় স্বীকার করার পর, সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ (রোববার) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। চকবাজারে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে, অগ্নিকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তার এ বক্তব্য উদ্ধৃত করে রিজভী বলেন, আমি সরকারকে বলব, এই ঘটনার দায় যেহেতু স্বীকার করেছেন এখন পদত্যাগ করুন। স্বচ্ছ ভোট জালিয়াতির সাফল্যের মৌতাতে বুঁদ হয়ে থাকবেন না। দেশবাসীকে দয়া করে রেহাই দিন। পৃথিবীর কোনও গণতান্ত্রিক সভ্য দেশে এই বিভীষিকাময় ঘটনা ঘটলে দায় স্বীকার করে সরকার পদত্যাগ করত।

বিএনপির এ নেতা বলেন, এই মিডনাইট অবৈধ সরকার পুরান ঢাকার মৃত্যুপুরীর মৃত্যুর মিছিল নিয়ে কেবল বাগাড়ম্বর করছে। জনগণের প্রতি কোনও জবাবদিহিতা না থাকায় খামখেয়ালী আচরণ করছে। এখনও সরকারের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেয়া হয়নি। তারা শুধু কথাই বলে যাচ্ছে।

উন্নয়নের নামে পকেট ভারী করা হয়েছে- এমন অভিযোগ করে রিজভী বলেন, পুরান ঢাকায় মৃত্যুর সঙ্গে বসবাস করছেন বাসিন্দারা। আর সরকার নিজেদের অবৈধ মসনদ সুরক্ষায় গ্রেফতার-মামলা-অত্যাচারে ব্যস্ত। তথাকথিত উন্নয়নের নামে পকেট ভারী করা হয়েছে অথচ জনগণের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা হয়নি।

এ সময়, অগ্নিকাণ্ডস্থল থেকে অল্প দূরত্বে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়া নির্ঘুম কাটিয়েছেন বলেও জানান তিনি রিজভী বলেন, চারদিকে বিকট শব্দ, মানুষের আর্তচিৎকার, রাসায়নিক বিস্ফোরণ গ্রাস করেছিল আশপাশের এলাকা। অল্প দূরত্বে ছিলেন খালেদা জিয়া। তার সারারাত উৎকণ্ঠায় কেটেছে। আর আমরা উৎকণ্ঠা নিয়ে আল্লাহর কাছে তার নিরাপত্তার জন্য দোয়া করেছি।

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপি এ নেতা বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে কেন এ ধরনের শ্বাসরোধী পরিবেশে আটকে রেখেছেন? কেন তার জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন? আপনাকে এরকম বিস্ফোরোন্মুখ বারুদের মাঝে বন্দি রাখা হলে কেমন লাগত? কেন আপনি বিদ্বেষ-বুদ্ধি নিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে আছেন? আপনি এবার প্রতিহিংসার আগুন থেকে নিবৃত্ত হোন। দেশনেত্রীকে মুক্তি দিন।

সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, শওকত মাহমুদ, কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান, মীর আলী নেওয়াজ, আমিরুল ইসলাম খান আলিম প্রমূখ নেতারা উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন