ঢাকা সিটি নির্বাচনে ভোটারদের অল্প উপস্থিতি: কে কী বললেন
https://parstoday.ir/bn/news/bangladesh-i68456-ঢাকা_সিটি_নির্বাচনে_ভোটারদের_অল্প_উপস্থিতি_কে_কী_বললেন
বিএনপিসহ বিরোধীদলগুলোর বর্জন এবং বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্রমন্ত্রী, দুই মেয়র প্রার্থী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী প্রতিক্রিয়া জানিয়েছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০১৯ ১২:৫৯ Asia/Dhaka
  • ভোটার না আসায় সকাল পৌনে ১০টার দিকে মহাখালী মডেল হাই স্কুল কেন্ত্রের বেঞ্চে মাথা রেখে ঝিমুচ্ছিলেন একজন ভোটগ্রহণ কর্মকর্তা।
    ভোটার না আসায় সকাল পৌনে ১০টার দিকে মহাখালী মডেল হাই স্কুল কেন্ত্রের বেঞ্চে মাথা রেখে ঝিমুচ্ছিলেন একজন ভোটগ্রহণ কর্মকর্তা।

বিএনপিসহ বিরোধীদলগুলোর বর্জন এবং বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্রমন্ত্রী, দুই মেয়র প্রার্থী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী প্রতিক্রিয়া জানিয়েছেন।

আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার আনতে পারব না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম হওয়ার দায় নির্বাচন কমিশনের নয়; এই দায় রাজনৈতিক দলগুলোর।

আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে উত্তরার একটি কেন্দ্রে ভোট দিয়ে এ কথা বলেন তিনি। সব রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ না নেয়ায় ভোটার উপস্থিতি কম হতে পারে বলে মন্তব্য করেন সিইসি।

ভোট দিচ্ছেন কে এম নুরুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'নির্বাচন তো স্বল্প সময়ের জন্য। মাত্র এক বছরের মধ্যে আবার নতুন নির্বাচন হবে। সেজন্য হয়ত আগ্রহ কম থাকতে পারে ভোটারদের মধ্যে। এছাড়া, আরো একটি কারণ হতে পারে সেটা হল, সব রাজনৈতিক দল অংশগ্রহণ না করা। আমরা তো পরিবেশ করে দেই, ভোটার তো আমরা বাড়ি বাড়ি গিয়ে আনতে পারব না। এটা প্রার্থীদের দায়িত্ব।'

তিনি আরো বলেন, 'আমরা বলতে পারি, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে। সবাই নিরাপদে ভোট দিতে পারবেন সেই পরিবেশ সৃষ্টি করার ব্যবস্থা করতে পারি।'

আসাদুজ্জামান খাঁন কামাল

ভোট দেওয়ার মালিক ভোটাররা, আমরা দায়ী নই: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোটারদের কম উপস্থিতির দায় নির্বাচন কমিশনের না, রাজনৈতিক দলের- সিইসির এমন বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে রাজনৈতিক দল হিসেবে এর দায় থেকে আওয়ামী লীগ মুক্ত বলেও দাবি করেন তিনি।

বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর রাজধানী উচ্চ বিদ্যালয়ে নিজের ভোট দেওয়া শেষে এক প্রশ্নের জবাবে কামাল সাংবাদিকদের বলেন, সিইসি ঠিকই বলেছেন যে, ভোটারদের কেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব তাদের না। তারা নির্বাচন আয়োজন করবেন মাত্র। ভোট দেওয়ার ইচ্ছার মালিক ভোটাররা। তবে এর জন্য আমরা দায়ী নই। আমাদের সমর্থকেরা ভোট দিচ্ছেন। 

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বৈরী আবহাওয়ার কারণে সকালে ভোটার উপস্থিতি কম ছিল। তবে এখন বাড়ছে। যেমন আমার নিজেরই ভোট দিতে সময় লাগল আপনারা দেখেছেন। আবার যেসব ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন হচ্ছে সেখানে ভোটারদের অনেক উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

ভোট দেওয়ার পর মেয়র প্রার্থী আতিকুল ইসলাম

ভোটারদের কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান মেয়র প্রার্থীর

তবে নির্বাচনে বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দল অংশ না নেয়ার কারণে এবার নির্বাচনি উত্তেজনা বলতে কিছুই নেই। তার সঙ্গে নিম্নচাপের প্রভাবে ঝিরঝিরে বৃষ্টির কারণে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তেমন একটা দেখা যায়নি। এ অবস্থায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বৃহস্পতিবার সকাল ৯টার দিকে প্রায় ভোটারশূন্য উত্তরার আজমপুরে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে স্ত্রী ও মেয়েকে নিয়ে ভোট প্রদান করেন। এসময় তিনি ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

নির্বাচনে বিএনপি’র অনুপস্থিতিতির ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন সবাই অংশ নিলে তা আরও অংশগ্রহণমূলক হতো।

ভোটাররা সিটি নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে: শাফিন

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর উপ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ বলেছেন, জাতীয়সহ বেশ কয়েকটি নির্বাচনে অনিয়ম হওয়ায় ভোটাররা সিটি নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

আজ মানারত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে নিজের ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

রুহুল কবির রিজভী

ভোট আগের রাতে হয়ে গেছে: রিজভী

ওদিকে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনের ভোট আগের রাতে হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। দিন শেষে ফল ঘোষণা করা হবে।

আজ সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন- রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ না নেয়া প্রসঙ্গে সিইসি’র বক্তব্য থেকে তিনি স্বীকার করে নিলেন যে, জনগণ ও দেশের রাজনৈতিক দলগুলোর নিকট তাঁদের কোনো গ্রহণযোগ্যতা নেই। যেদেশে ভোটের আগের রাতেই ব্যালট পেপারে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করা হয়, ভোট চুরি হয়, ভোট দিতে পারে না সেদেশের মানুষ বর্তমান নির্বাচন কমিশন ধিক্কার ছাড়া অভিনন্দন পাওয়ার যোগ্য নয়। তিনি জনগণকে ভোট প্রদান থেকে প্রতারিত করেছেন।

রিজভী বলেন, ‘জনগণকে ভোট প্রদান থেকে প্রতারিত করা হয়েছে। সিইসির আজ্ঞাবহ জীবনদর্শনের জন্য গণতন্ত্র এখন রাহুগ্রস্ত। ৩০ ডিসেম্বরে ভোট চুরির মহোৎসব করে একটা অবৈধ শাসকগোষ্ঠীকে রাষ্ট্রক্ষমতায় বসিয়ে দেশকে গভীর সংকটে নিপতিত করার মূলহোতাই হচ্ছেন সিইসি কে এম নুরুল হুদা। কাজেই জনগণ এবং রাজনৈতিক দলগুলো এখন নির্বাচন কমিশন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’

ওবায়দুল কাদের

বিরোধীদল না থাকায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না: কাদের

অন্যদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, "বিরোধীদল না থাকায় ঢাকার সিটি করপোরেশন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না, তবে শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনও অভিযোগ পাওয়া যায়নি। তবে বিরোধীদল অংশগ্রহণ করলে এই নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো।"

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন

এটি অংশগ্রহণমূলক নির্বাচন নয়: মাহবুব তালুকদার

এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনকে অপূর্ণাঙ্গ নির্বাচন বলে অখ্যায়িত করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

বৃহস্পতিবার দুপুরে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশনের এই নির্বাচন অপূর্ণাঙ্গ নির্বাচন। এই নির্বাচন পাঁচ বছর পর পর হবে। তবে এখন যারা নির্বাচিত হবেন তারা মাত্র এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। এই জন্যই আমি এটা অপূর্ণাঙ্গ নির্বাচন বলছি। মাহবুব তালুকদার বলেন, রাজনৈতিক পরিচয়ে মেয়র পদে নির্বাচন হচ্ছে। কিন্তু প্রধান বিরোধী দলগুলো এতে অংশগ্রহণ না করায় এটি অংশগ্রহণমূলক নির্বাচন নয়।# 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৮

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন