ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধীদের ওপর সরকারের চাপ: বিএনপির অভিযোগ ও পাল্টা প্রতিক্রিয়া
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড: খন্দকার মোশাররফ বলেছেন, বর্তমান সরকার একতরফাভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলের ওপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করছে।
আজ শনিবার সকালে জাতীয়তাবাদী তাঁতী দলের নতুন কমিটির নেতাদের সাথে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির ওপরে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করছে সরকার। বিএনপিকে চাপে রাখার জন্যই খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে।
দলীয় সিদ্ধান্তের বাইরে বিএনপি’র এককজন সদস্য সংসদে শপথ নেওয়াকে দুঃখজনক বলেও অভিহিত করে ড: মোররফ বলেন আমাদের সিদ্ধান্তের বাইরে কেউ কোনো পদক্ষেপ নিলে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেবে দল। তাতে দলের কোনো ক্ষতি হবে না। বিএনপিন পক্ষ থেকে দাবী করা হচ্ছে সরকারের চাপের মুখে বিএনপির একজন সদস্য সংসদে গিয়েছেন।
তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছেন নির্বাচনী এলাকার জনগনের চাপের কারণেই বিরোধী জোটের সদস্যরা সংসদে আসছেন। ওদিকে, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সংসদে এসে শপথ নেবার আহবান জানিয়েছেন।
শনিবার (২৭ এপ্রিল) সকালে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন নেতার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি বলেন, জনগণের ভোটের প্রতি সম্মান দেখিয়ে হলেও বিএনপি মহাসচিবের সংসদে আসা উচিত।তবে বিএনপি নেতা মওদুদ আহমেদ বলেছেন, বিএনপির দু’একজন সদস্য সংসদে শপথ নিলেও জনগনের কাছে এ সংসদ বৈধতা পাবে না।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে ব্যারিষ্টার মওদুদ আহমদ এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলায় সাজা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে এ মানববন্ধন হয়।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ছয়সহ এবং তাদের জোট জাতীয় ঐক্যফ্রন্ট থেকে দু”জন সহ মোট আটজন সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরামের নির্বাচিত দুজন ইতেআমধ্যে শপথ নিয়েছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার শপথ নিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত জাহিদুর রহমান। বাকি পাঁচজনের মধ্যে আরও কয়েকজন শীঘ্রই শপথ নিতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের নেতারা মনে করছেন,একটি বড় দল হিসেবে বিএনপি’র বিরাট জনসমর্থন আছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মাত্র ছয়টি আসনে জয় পেলেও সংসদে বিএনপি যারাই শপথ নিক না কেন, তাদের কেবল সংখ্য হিসেবে দেখা হবে না; বরং বিএনপির মতো বড় দলের প্রতিনিধি হিসেবে দেখা হবে।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতর/২৭