বাংলাদেশ পাকিস্তানের কারও ভিসা বন্ধ করেনি: ড. মোমেন
-
ড. এ কে আবদুল মোমেন
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ দুপুরে স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ পাকিস্তানের কারও ভিসা বন্ধ করেনি।
পাকিস্তানিদের জন্য বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার- এ মর্মে আজ সকালে ঢাকার আনলাইন মাধ্যমে খবর প্রকাশের পর পররাষ্ট্রমন্ত্রী দুপুরে জানান, বাংলাদেশ পাকিস্তানের কারও ভিসা বন্ধ করেনি। তবে ব্যক্তি বিশেষ ভিসা বন্ধ থাকতে পারে।
তিনি আরো বলেছেন, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের কাউন্সিলরের ভিসার মেয়াদ না বাড়ানোয় তিনি সেখানে গিয়ে ভিসা প্রসেস করতে পারছেন না।
এর আগে সোমবার পাকিস্তানের একটি কূটনৈতিক সূত্রের বরাতে রাশিয়ান সংবাদমাধ্যম স্পুটনিকের খবরে বলা হয়, পাকিস্তানিদের জন্য বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। এতে বলা হয়, ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশি এক কূটনীতিকের ভিসা নবায়নে দেরি করার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রাশিয়ান বার্তা সংস্থা দিল্লি ডেটলাইনে প্রকাশিত রিপোর্টে উল্লেখ করেছে, বাংলাদেশে চলমান যুদ্ধাপরাধের বিচারসহ নানা কারণে দক্ষিণ এশিয়ার ওই দুই রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক টানাপড়েন চলছে। এমন ঘটনা দুই দেশের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা আরো বাড়াবে বলে রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) ইকবাল হোসাইন তার ভিসার মেয়াদ বাড়াতে গত ৯ জানুয়ারি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। গত চার মাস ধরে সেই আবেদনের সাড়া মেলে নি।
ওদিকে, গত মার্চে ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার হিসেবে সাকলায়েন সাদেকের নাম প্রস্তাব করার পর বাংলাদেশ সেই প্রস্তাব এখনো অনুমোদন কিংবা প্রত্যাখ্যান কোনটিই করেনি।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২১
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন