বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে নিচতলার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ (বুধবার) বেলা ১১টার দিকে মসজিদের নিচে বিদ্যুত সাব-ষ্টেশনে বিষ্ফোরণ থেকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তেমন কিছু ক্ষয়ক্ষতি হয় নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে মার্কেটের দোকানিরা বলেছেন, জাতীয় মসজিদের নিচে বিদ্যূতের সাব-ষ্টেশনটি ঝুঁকি হবার কারনে তারা এটি সরিয়ে নিতে গত বিশ বছর ধরে দাবী করে আসছেন।
রাজধানীতে এ বছর পরপর কয়েকটি বড় আগ্নিকান্ডে প্রানহানি ও সম্পদের ক্ষয়্ক্ষতি হবার পর নগরবাসী আগুন নিয়ে একরকম আতংকের মধ্যে বাস করছে।
এরই মধ্যে মঙ্গলবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে রাজধানীর কল্যাণপুরে একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি তেলের লরিতে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পেট্রোল পাম্পেও। দ্রুত ফায়ার সার্ভিসের দশটি ইউনিট ঘটনাস্থলে পৌছায় এবং আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া, মঙ্গলবার রাত দেড়টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ সুন্দরবন-১০ এ আগুন লাগার ঘটনা ঘটেছে। লঞ্চটি চাঁদপুরের কাছাকাছি মাঝের চর এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।
লঞ্চের সুপারভাইজার মো. হারুন অর রশীদ জানিয়েছেন, লঞ্চের তিনতলায় পেছনের দিকে ধোঁয়া নির্গমনকারী পাইপ গরম হয়ে তিন তলার সিলিংয়ে ও সোফায় আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে চাঁদপুরের ফায়ার সার্ভিসকে জানানো হয়। তবে তারা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
প্রসঙ্গত, ঢাকা-বরিশাল নৌরুটে লিফটযুক্ত দেশের সর্বাধুনিক বিলাসবহুল যাত্রীবাহী লঞ্চ এই সুন্দরবন-১০। এটি বরিশাল থেকে রাত সাড়ে ৮টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।
একই দিন (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নগর ভবনের পাঁচতলায় একটি কক্ষে বিদ্যুৎ সংযোগ থেকে আগুন লাগে। দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছে যায়। ততক্ষণে কর্মচারীরা নিজেরাই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। #
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।