গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হরতাল: সরকার ও বিরোধীপক্ষের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i71783-গ্যাসের_মূল্য_বৃদ্ধির_প্রতিবাদে_হরতাল_সরকার_ও_বিরোধীপক্ষের_প্রতিক্রিয়া
বাংলাদেশে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে সারাদেশ আধাবেলা হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ (রোববার) ভোর ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত শান্তিপূর্ণ হরতাল পালন করে জোটের নেতাকর্মীরা। বিরোধীরা হরতাল সফল দাবি করলেও সরকারপক্ষ বলছে, মানুষ সাড়া দেয়নি।
(last modified 2026-02-17T14:37:08+00:00 )
জুলাই ০৭, ২০১৯ ১৭:১২ Asia/Dhaka

বাংলাদেশে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে সারাদেশ আধাবেলা হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ (রোববার) ভোর ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত শান্তিপূর্ণ হরতাল পালন করে জোটের নেতাকর্মীরা। বিরোধীরা হরতাল সফল দাবি করলেও সরকারপক্ষ বলছে, মানুষ সাড়া দেয়নি।

হরতালের সমর্থনে সকাল থেকে বিভিন্ন এলাকায় মিছিল-পিকেটিং করে জোটের নেতাকর্মীরা। পল্টন, বিজয়নগর, প্রেসক্লাব, শাহবাগসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেয় তারা। শাহবাগ মোড় বন্ধ করে দেয় ছাত্র জোটের নেতাকর্মীরা। তবে, যানবাহন চলাচল ছিল অনেকটাই স্বাভাবিক। নিত্যদিনের মতো কর্মস্থলের উদ্দেশ্যে বের হয় কর্মজীবীরা। বিভিন্ন এলাকায় ছিল আগের মতোই যানজট।

ওবায়দুল কাদের

হরতালে জনগণ সাড়া দেয়নি: কাদের

এদিকে, বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালে জনগণ সাড়া দেয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ (রোববার) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে, এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, হরতালে আবেদন বা সাড়া কেউ কি কোথাও দেখেছেন? বরং ঢাকা শহরে যানজটের চিরপরিচিত প্রতিদিনের দৃশ্যপট বিরাজমান। তারা মনে করছেন, হরতালের মাধ্যমে দেশে বড় আন্দোলন করা যাবে; তাদের হিসাবের অঙ্কে গুড়েবালি! আর 'হরতাল' নামক অস্ত্রটি মরিচা ধরায় অকার্যকর হয়ে গেছে। কারণ দেশের মানুষ এখন বাস্তবতা বোঝে।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মোশারফ হোসেন নান্নু বলেন, যারা ক্ষমতায় থাকেন, তারা বাস্তবতা বোঝেন না। নানা ধরনের কথা বলে থাকেন। মানুষে জীবিকার প্রয়োজনে রাস্তায় বের হলেও হরতাল কর্মসূচির সঙ্গে একমত জানিয়েছে। গ্যাসের মূল্যবৃদ্ধি তারা অযৌক্তিক মনে করে। ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরীকরাও গ্যাসের দাম বৃদ্ধিকে সমর্থন করে না। তারা সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তুলেছে। মুলত ব্যবসায়িক মুনাফার স্বার্থেই জনস্বার্থবিরোধী এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সকালে হরতালের সমর্থনে মিছিল করে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), গণসংহতি আন্দোলনসহ বাম গণতান্ত্রিক জোটের শরিক দলগুলোর নেতাকর্মীরা। তবে মাঠে নামেনি হরতালে সমর্থন জাননো বিএনপিসহ দলগুলো।

আধাবেলা হরতাল শেষে, আগামী ১৪ জুলাই জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা দেন জোট সমন্বয়ক মোশারফ হোসেন নান্নু। তিনি বলেন, গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করা না হলে ১৪ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবেন তারা। এরপর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করা হবে। প্রয়োজনে ১৯ জুলাই ঢাকায় প্রতিনিধি সভা করে লাগাতার কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন জোট সমন্বয়ক।

বিইআরসি’র ঘোষণা অনুযায়ী ১ জুলাই থেকে রান্নাঘরে ব্যবহৃত এক বার্নারের চুলার জন্য গ্যাসের বিল দিতে হবে ৯২৫ টাকা, যা আগে ছিলো ৭৫০টাকা। আর দুই বার্নারের চুলার গ্যাসের বিল দিতে হবে ৮০০ টাকার জায়গায় ৯৭৫ টাকা। এছাড়া সিএনজি অটোরিকশায় ব্যবহৃত প্রতি ঘনমিটার গ্যাসের দাম করা হয়েছে ৪৩ টাকা।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৭