রিফাতের স্ত্রী মিন্নি ৫ দিনের রিমান্ডে, নিজেকে নির্দোষ দাবি
https://parstoday.ir/bn/news/bangladesh-i72022-রিফাতের_স্ত্রী_মিন্নি_৫_দিনের_রিমান্ডে_নিজেকে_নির্দোষ_দাবি
বাংলাদেশের বরগুনায় রিফাত শরীফ নামে এক যুবককে কুপিয়ে হত্যার মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
(last modified 2026-02-17T14:37:08+00:00 )
জুলাই ১৭, ২০১৯ ১৮:০৬ Asia/Dhaka
  • আয়েশা সিদ্দিকা মিন্নি
    আয়েশা সিদ্দিকা মিন্নি

বাংলাদেশের বরগুনায় রিফাত শরীফ নামে এক যুবককে কুপিয়ে হত্যার মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

‌আজ (বুধবার) বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ূন কবির আদালতের কাছে সাত দিনের রিমান্ড চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম গাজী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে মিন্নির পক্ষে নিজস্ব কোনো আইনজীবী না থাকায় আদালত সরাসরি তার বক্তব্য গ্রহণ করে। এ সময় মিন্নি নিজেকে নির্দোষ দাবি করে আদালতকে বলে, তিনি ষড়যন্ত্রের শিকার। আসামিরা তাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়েছে। তিনি স্বামী হত্যার বিচার চান।

এর আগে বুধবার সকাল পৌনে ১০টায় মিন্নিকে জিজ্ঞাবাদের জন্য তার বাবার বাড়ি মাইঠা গ্রাম থেকে পুলিশ লাইনে ডেকে আনা হয়। তার বাবা মোজাম্মেল হোসেন কিশোরও সে সময় তার সাথে ছিলেন। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দীর্ঘ ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারের ব্যাপারে বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যাকাণ্ডের সাথে মিন্নির সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় মামলার মূল রহস্য উদঘাটন এবং সুষ্ঠু তদন্তের নিমিত্তে মিন্নিকে গ্রেপ্তার করা হয়েছে।

মিন্নির সামনে রিফাতকে কুপিয়ে হত্যা

উল্লেখ্য, গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২ জুলাই ভোররাতে মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। এখন পর্যন্ত এজাহারভুক্ত তিনজনসহ সাত আসামি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।