ছেলেধরা গুজব ছড়িয়ে গণপিটুনি: রাজনৈতিক সংশ্লিষ্টতা দেখছে সরকার
https://parstoday.ir/bn/news/bangladesh-i72231-ছেলেধরা_গুজব_ছড়িয়ে_গণপিটুনি_রাজনৈতিক_সংশ্লিষ্টতা_দেখছে_সরকার
বাংলাদেশের বিভিন্ন স্থানে ছেলেধরার গুজব ছড়িয়ে গণপিটুনির ঘটনা বেড়েই চলেছে। গণপিটুনির শিকার হচ্ছেন নিরপরাধ ও মানসিক ভারসাম্যহীন মানুষ। এছাড়া গুজব রটনা ও পিটিয়ে হত্যার ঘটনায় ৩১টি মামলা হয়েছে, এসব সুনির্দিষ্ট মামলায় ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
(last modified 2026-02-17T14:37:08+00:00 )
জুলাই ২৪, ২০১৯ ১৮:০৮ Asia/Dhaka

বাংলাদেশের বিভিন্ন স্থানে ছেলেধরার গুজব ছড়িয়ে গণপিটুনির ঘটনা বেড়েই চলেছে। গণপিটুনির শিকার হচ্ছেন নিরপরাধ ও মানসিক ভারসাম্যহীন মানুষ। এছাড়া গুজব রটনা ও পিটিয়ে হত্যার ঘটনায় ৩১টি মামলা হয়েছে, এসব সুনির্দিষ্ট মামলায় ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকালও গণপিটুনিতে ৬ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে পঞ্চগড়ে ৩, সিরাজগঞ্জে ১, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১ ও ঢাকার নবাবগঞ্জে ১ জন।

এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ (বুধবার) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেছেন, ‘যারা পদ্মাসেতু চায়নি তারাই ছেলেধরা গুজব ছড়িয়ে নিরীহ মানুষ হত্যা করেছে।' 

ড. হাছান মাহমুদ বলেছেন, 'যারা ছেলেধরা গুজবের সঙ্গে জড়িত তাদের রাজনৈতিক পরিচয় মিলেছে। এ সময় সাংবাদিকরা তাদের রাজনৈতিক পরিচয় জানতে চাইলে মন্ত্রী জানান, বিষয়টি তদন্তাধীন, এখন কিছু বলা যাবে না।

ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনু

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এসব ঘটনার পেছনে দেশকে অস্থিতিশীল করার কোনো উদ্দেশ্য আছে কীনা তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

দেশব্যাপী ছেলেধরা আতঙ্কের মাঝে বাংলাদেশের পুলিশ প্রধান মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আজ জানিয়েছেন, গুজব রটিয়ে ছেলেধরা সন্দেহে গত দু সপ্তাহে আট জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যাদেরকে এভাবে হত্যা করা হয়েছে তারা সবাই নিরপরাধ ছিলেন।

দেশের বিভিন্ন স্থানে পিটিয়ে হত্যার ঘটনায় সরকারবিরোধী রাজনীতির যোগাযোগ রয়েছে উল্লেখ করে পুলিশের আইজি জাবেদ পাটোয়ারী বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে গুজব ছড়ানোর পথ বেছে নেয়া হয়েছে।

মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

পুলিশ সদর দপ্তরে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি আরো উল্লেখ করেন, “পদ্মা সেতু নির্মাণে মানুষের কাটা মাথা লাগবে”- এই গুজবটি দুবাই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রথম প্রচার করা হয়েছে। এই পোস্টটি করেছেন একজন প্রবাসী বাংলাদেশি। তাকে সনাক্ত করা হয়েছে।

ফেসবুক লিঙ্ক ও ইউটিউব লিঙ্কের মাধ্যমে সুপরিকল্পিতভাবে গুজব ছড়ানো হয়।  গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত ৬০টি ফেসবুক লিঙ্ক ও ২৫টি ইউটিউব লিঙ্ক এবং ১০টি নিউজ পোর্টাল ইতোমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে।

তবে, ‘ছেলেধরা’ গুজব ও আতঙ্কে এবং বিভিন্ন স্থানে শিক্ষার্থী অপহরণের ঘটনায় বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়েই বেশী প্রভাব পড়েছে। সতর্কতার জন্য অভিভাবকরা শিশুদের সঙ্গে করে স্কুলে আনা-নেয়া করছেন।  

গত দুই দিনে পদ্মানদী হতে একটি শিশু ও এক নারীর লাশ উদ্ধারের পর পাবনা-ঈশ্বরদীজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে পুলিশের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে ‘গুজব বিরোধী সচেতনতা সপ্তাহ’ পালন করা হবে। এছাড়া, শুক্রবার জুমার নামাজের খুতবাতেও এসব বিষয়ে বয়ান করার জন্য সরকারের পক্ষ থেকে ইমামদের অনুরোধ করা হয়েছে। #

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪