ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ওবায়দুল কাদেরের
-
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বাংলাদেশে এডিস মশা নির্মূল এবং ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ (শুক্রবার) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দ্বিতীয় দিনের পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে এ আহবান জানান তিনি। পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ, শেখ হাসিনার নির্দেশ ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ শীর্ষক স্লোগানে তিনদিনের পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেন আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের বলেন, ভয়াবহভাবে এই মশার উপদ্রব উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়েছে। এটা অস্বীকার করার উপায় নেই। বিষয়টিকে আমরা সিরিয়াসলি নিয়েছি। সিটি করপোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় একযোগে কাজ করছে। নেত্রী তাদের এ নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিদেশ থেকে কার্যকর ওষুধ আনা হচ্ছে। একটু ধৈর্য ধরুন। আমরা সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পারবো।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে মাঠে নেমেছে। সুনামগঞ্জ থেকে সুন্দরবন পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন। ডেঙ্গু দেশীয় কোন রোগ নয়, এডিস মশা দেশীয় কোনো মশা নয়। এশিয়ার অনেক দেশে এটি মহামারি আকার ধারণ করেছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা এডিস মশা নির্মূলে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা শুধু ‘লিপ সার্ভিস’ দিচ্ছি না অন্যদের মতো। আমরা মনে করি, এটা মানবিক সংকট। আমরা এর বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালাচ্ছি। এডিস মশা সমূলে নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনদিনের কর্মসূচি শেষে নতুন কর্মসূচি দেয়ার কথাও জানান তিনি।
পরে, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, বায়তুল মোকাররমসহ আশপাশের এলাকায় মশার ওষুধ ছিটানো ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এদিকে, ডিসেম্বরের মধ্যে রাজাকার ও যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশের আশা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় এ তালিকা প্রকাশ করা যাচ্ছে না বলেও জানান তিনি।
আজ (শুক্রবার) সকালে মেহেরপুর পর্যটন মোটেলে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র প্রকল্পের স্থাপত্য নকশা অনুমোদন সংক্রান্ত সভায় এসব কথা বলেন মন্ত্রী। মুজিবনগরকে আন্তর্জাতিক মানের মুক্তিযুদ্ধ তীর্থস্থান হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তিনি।
এর আগে, মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ মন্ত্রী।#
পার্সটুডে/শামস মন্ডল/বাবুল আখতার/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।