ডেঙ্গু পরিস্থিতি: ঈদের ছুটি শেষে মানুষ ঢাকায় ফিরলে পাওয়া যাবে আসল চিত্র
https://parstoday.ir/bn/news/bangladesh-i72851-ডেঙ্গু_পরিস্থিতি_ঈদের_ছুটি_শেষে_মানুষ_ঢাকায়_ফিরলে_পাওয়া_যাবে_আসল_চিত্র
ঈদের ছুটি শেষে রোববার থেকে সরগরম হয়ে উঠবে অফিস-আদালত। তাই প্রিয়জনের সঙ্গে কাটানো স্মৃতি নিয়ে আবারও রাজধানীমুখী মানুষ। এরই মাঝে দেশের হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভীড়।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ১৬, ২০১৯ ১৩:২৮ Asia/Dhaka

ঈদের ছুটি শেষে রোববার থেকে সরগরম হয়ে উঠবে অফিস-আদালত। তাই প্রিয়জনের সঙ্গে কাটানো স্মৃতি নিয়ে আবারও রাজধানীমুখী মানুষ। এরই মাঝে দেশের হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভীড়।

স্বাস্থ্য অধিদফতরের শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে। যদিও বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা এর কয়েকগুণ বেশি। আর ঢাকা শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪ হাজার ১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। আর ঢাকার বাইরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩ হাজার ৭০১ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত চলতি বছরে ৪৮ হাজার ৯৯৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৪২ হাজার ২৪৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭ হাজার ৭১৬জন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, জ্বর নিয়ে হাসপাতালে আসা রোগীদের রক্ত পরীক্ষা করে ২০ শতাংশের মধ্যে ডেঙ্গু ভাইরাস পাওয়া গেছে। অন্যরা অন্যান্য রোগে আক্রান্ত ছিল। এ পর্যন্ত আক্রান্তদের অধিকাংশই সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

ঈদের ছুটিতে ঢাকায় ডেঙ্গু রোগী কমলেও বেড়েছে জেলা শহরগুলোতে।  শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭১৯ জন ডেঙ্গু রোগী। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৫৯ জন আর ঢাকার বাইরে ৯৬০ জন। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল এক হাজার ৯২৯ জন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া জানান, আপাতত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমেছে। তবে মানুষ ঈদের ছুটিতে ঢাকার বাইরে গেছে। তারা ফিরে আসার পর, হাসপাতালে কি ধরনের চাপ পড়ে সেটা দেখতে হবে। তখন বলা যাবে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমেছে কি না?

ঈদের ছুটিতে হওয়া বৃষ্টিতে ডেঙ্গু পরিস্থিতি অবনতির আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। আকস্মিক বৃষ্টিতে বিভিন্ন স্থানে পানি জমায় এডিস মশার প্রকোপ বাড়তে পারে। তবে, মানুষ সচেতন থাকলে এবং সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হলে আশঙ্কার কিছু নেই বলে জানান কর্মকর্তারা।#

পার্সটুডে/শামস মন্ডল/বাবুল আখতার/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।