চলমান দুর্নীতিবিরোধী অভিযান কোন ব্যক্তি, গোষ্ঠী বা দলের বিরুদ্ধে নয়: কাদের
-
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলমান দুর্নীতিবিরোধী অভিযান কোন ব্যক্তি, গোষ্ঠী বা দলের বিরুদ্ধে নয়। এটি অপরাধী এবং দুর্নীতির বিরুদ্ধে একটি অভিযান। দুর্বৃত্তায়নের একটি চক্র বাংলাদেশে রয়েছে, এই চক্রটি ভেঙে দিতে হবে। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন এবং এই শুদ্ধি অভিযান শুরু হয়েছে আপন ঘর থেকেই।
আজ (শুক্রবার) সকালে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চারলেন প্রকল্পের উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অভিযান শিথিল না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যারাই অপরাধী, তারা যেখানেই থাকুন, সেটা ঢাকা হোক অথবা দেশের যেকোন জায়গায় হোক; যেখানেই দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, লুটপাট, টেন্ডারবাজি সেখানেই এই অভিযান চলবে।
কারাবন্দী বেগম খালেদা জিয়ার অসুস্থতা বিষয়ে তিনি বলেন, খালেদা জিয়া বয়স্ক হয়ে গেছেন, এই বয়সে একেবারে সুস্থ সবল থাকবেন এমন কথা নয়। তার চিকিৎসার দায়িত্বে চিকিৎসকদের একটি টিম আছে এবং একটি বোর্ড আছে। তারা মাঝে মাঝেই পরীক্ষা করে দেখেন। কিন্তু অসুস্থতার বিষয়ে বিএনপি যা বলে, তারসঙ্গে চিকিৎসকদের রিপোর্টের কোনো মিল নেই।
তিনি আরো বলেন, আমার মনে হয়, এখানে মানবিক বিষয়টি যেমন দেখতে হবে, একইভাবে এখানে একটি আইনগত বিষয়ও রয়েছে। আইনগত বিষয়টি সরকারের হাতে নেই। এটা আমি বার বার বলেছি। আর খালেদা জিয়া যদি আদালতে জামিন পান এবং চিকিৎসকদের পরামর্শে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার মতো অবস্থা তার হয়, সেটা পরবর্তী সময়ে বিবেচনা করা যাবে।
পরিদর্শনকালে সড়ক ও জনপথ বিভাগের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক সবুজউদ্দিন খান, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন, পুলিশ সুপার শামসুন্নাহারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/ শামস মন্ডল/বাবুল আখতার/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।