যুবলীগ থেকে সম্রাট-আরমান বহিষ্কার, গ্রেফতার সম্পর্কে র্যাব ডিজি যা বললেন
-
আরমান তার ফেসবুকে সম্রাটকে তার ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে উল্লেখ করেছেন
বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ (রোববার) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে র্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হলো।
কেন্দ্রীয় যুবলীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সম্রাটকে বহিষ্কার করা হয়েছে।”
একই অভিযোগে সম্রাটের সহযোগী ও ঢাকা দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি এনামুল হক আরমানকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ জানিয়েছেন, ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর দু-একদিনের মধ্যেই ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ঢাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যান।
আজ (রোববার) সম্রাটকে আটকের পর র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, ‘ক্যাসিনোবিরোধী অভিযান নিয়ে কাজ করতে গিয়ে আমরা একাধিকবার সম্রাটের নাম পেয়েছি। আমরা যখন ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করি, তার দু-একদিনের মধ্যে সম্রাট ঢাকা ত্যাগ করেন। আমাদের দীর্ঘদিন সময় লেগেছে উনাকে লোকেট করতে।’
যেখান থেকে সম্রাটকে আটক করা হয়েছে, সেখানে তিনি কত দিন অবস্থান করছিলেন—এমন প্রশ্নে র্যাবের মহাপরিচালক বলেন, ‘গণমাধ্যমে লেখালেখির কারণে আত্মগোপনের জন্য উনি এমন সব পদ্ধতি অবলম্বন করেছিলেন, যাতে উনাকে না খুঁজে পাওয়া যায়। সে জন্য এর বেশি গণমাধ্যমে বলা ঠিক হবে না।’
বেনজীর আহমেদ বলেন, ‘আমরা ক্যাসিনোবিরোধী অভিযান চালিয়ে অবৈধ ক্যাসিনো ব্যবসা বন্ধ করেছি। এরপর যারা ক্যাসিনোর সঙ্গে সরাসরি জড়িত, তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি। এরপর আরো যারা যারা জড়িত বা ক্যাসিনো পরিচালনা করেছে, তাদের গ্রেপ্তার করার চেষ্টা করছি আমরা।’
সম্রাটের বাসা ও অফিসে র্যাবের অভিযান
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে নিয়ে তার কার্যালয়ে তল্লাশি করছে র্যাব। আজ (রোববার) দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ের ভূইয়া ম্যানশনের মূলগেটের তালা ভেঙ্গে ওই কার্যালয়ে ঢোকেন র্যাব সদস্যরা। এখানেই নিয়মিত বসতেন সম্রাট। র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।
কার্যালয়কে ঘিরে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। তার আটকের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীশূন্য হয়ে পড়ে যুবলীগের কার্যালয়।
শান্তিনগর ও মহাখালী ডিওএইচএসের বাসায় তল্লাশি
ইসমাইল চৌধুরী সম্রাটের শান্তিনগরের ফ্ল্যাটে তল্লাশি করছে র্যাব-৩ এর একটি দল। রোববার দুপুর আড়াইটার দিকে রাজধানীর শান্তিনগরের রহমান ভিলায় সম্রাটের ফ্ল্যাট ৫/সি-তে প্রবেশ করেন তারা। প্রায় বছরখানেক ধরে তিনি নিয়মিত এখানে থাকতেন না। তার এক ভাই ফ্ল্যাটটিতে থাকতেন। চলতি ক্যাসিনোকাণ্ডের পর থেকে তারাও সরে পড়েন।
এদিকে, রাজধানীর মহাখালী ডিওএইচএসে সম্রাটের বাসাতেও তল্লাশি চালাচ্ছে র্যাবের আরেকটি দল। রোববার বিকেল ৩টার দিকে মহাখালী ডিওএইচএসের ২৯ নম্বর সড়কে ও ৩৯২ নম্বর বাড়িতে এ অভিযান চালানো হয়। বাড়িটিতে তার দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী থাকতেন।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।