সৌদিতে ধরপাকড় অব্যাহত: অক্টোবরে ফিরতে বাধ্য হয়েছেন ৪৬৬২ বাংলাদেশি শ্রমিক
-
দেশে ফেরত আসা কয়েকজন শ্রমিক (ফাইল ফটো)
সৌদি আরবে পুলিশি ধরপাকড়ের শিকার হয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন আরও ১০৪ জন বাংলাদেশি শ্রমিক। এ নিয়ে গত এক মাসে দেশে ফিরেছেন ৪ হাজার ৬৬২ জন শ্রমিক।
বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স সৌদিয়ার এসভি ৮০৪ ফ্লাইটে করে দেশে ফেরেন তারা। হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে তাদের সরকারের প্রবাসীকল্যাণ ডেস্ক ও বেসরকারি সংস্থা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে খাবার-পানিসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য জরুরি সহায়তা দেওয়া হয়।
ফেরত আসা টাঙ্গাইলের রহিম মিয়া বলেন, তিনি ১২ বছর ছিলেন সৌদি আরবে। বৈধ আকামা থাকা সত্ত্বেও নামাজ পড়তে যাওয়ার সময় পুলিশ ধরে লুঙ্গি পরা অবস্থাতেই তাকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে।
সাতক্ষীরার জাহিদ হাসান জানান, মাত্র সাত মাস আগে তিনি সৌদি আরব যান। কর্মস্থল থেকে ফেরার পথে পুলিশ তাকে আটক করে দেশে পাঠিয়ে দেয়।
ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান বলেন, চলতি বছর এখন পর্যন্ত প্রায় ২১ হাজার বাংলাদেশিকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে। এ বছরের কোন মাসে কত কর্মী ফিরেছে, সেই তথ্য বিশ্লেষণ করে আমরা দেখেছি, সেপ্টেম্বর ও অক্টোবর- এই দুই মাসে ধরপাকড় অনেক বেশি হয়েছে।
শরিফুল হাসান জানান, গত আগস্ট মাসে সৌদি আরব থেকে এক হাজার ৫২৮ জন শ্রমিককে ফেরত পাঠানো হয়েছে। সেখানে সেপ্টেম্বর মাসে ৩ হাজার ৩৩৯ জন ও অক্টোবর মাসে ৪ হাজার ৬৬২ জনকে ফেরত পাঠানো হয়েছে। যেসব শ্রমিক দেশে ফিরতে বাধ্য হয়েছেন, তাদের অনেকেই এসেছেন একদম শূন্য হাতে। অনেকে বিদেশে যাওয়ার খরচের টাকাটাও তুলতে পারেননি।
সৌদি আরবে চলমান এই সমস্যা সমাধানে রিক্রুটিং এজেন্সি, বিদেশগামী শ্রমিক, দূতাবাসসহ সবাইকে একযোগে কাজ করতে হবে বলে মত দেন ব্র্যাক অভিবাসন কর্মসূচির এই কর্মকর্তা।
উল্লেখ্য, সৌদি আরবে সাম্প্রতিক সময়ে পুলিশের ধরপাকড় অভিযানে প্রতিদিনই বাংলাদেশি শ্রমিকরা আটক হচ্ছেন। তাদের মধ্যে অনেকেরই বৈধ কাগজপত্র রয়েছে বলেও জানা গেছে।
প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, ফেরত আসা শ্রমিকদের মধ্যে কেউ যাওয়ার অল্প কয়েক দিনের মধ্যে, আবার কেউ অনেক দিন সৌদি আরবে ছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। কেউ আবার খালি হাতে ফিরেছেন বলে জানিয়েছেন। যে টাকা খরচ করে গিয়েছিলেন সেই পুঁজির টাকাও কোনো কোনো শ্রমিক তুলতে পারেননি বলেও অভিযোগ করেছেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।