সিটি নির্বাচনে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঢাকায় ৭৫ প্লাটুন বিজিবি মোতায়েন
https://parstoday.ir/bn/news/bangladesh-i77059-সিটি_নির্বাচনে_অনাকাঙ্ক্ষিত_ঘটনা_এড়াতে_ঢাকায়_৭৫_প্লাটুন_বিজিবি_মোতায়েন
বাংলাদেশের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ৩০, ২০২০ ০৯:৩৯ Asia/Dhaka
  • সিটি নির্বাচনে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঢাকায় ৭৫ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলাদেশের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (বৃহস্পতিবার) বিজিবি গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি মিলিয়ে মোট ৭৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কাজ করবেন তারা।

আজ থেকে ভোটগ্রহণের পরদিন ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিজিবি রাখার কথা জানিয়ে তিনি বলেন, স্ট্রাইক ফোর্স হিসেবে প্রতি দুই ওয়ার্ডে এক প্লাটুন বিজিবি থাকবে। আর ১০ প্লাটুন থাকবে রিজার্ভ ফোর্স হিসেবে। ডিএনসিসিতে পাঁচ প্লাটুন ও ডিএসসিসির জন্য অন্য পাঁচ প্লাটুন রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম জানান, বৃহস্পতিবার থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও মাঠে থাকবেন। প্রতিটি ওয়ার্ডের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দু’টি ওয়ার্ডের জন্য একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকছেন।

নির্বাচনে শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি নিয়োগে সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ কেন্দ্রে ১৬ জন করে ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ জন করে নিরাপত্তা সদস্য নিয়োজিত থাকবে। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব পালন করবে পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসার, বিজিবি ও র‌্যাব। ইভিএমের কারিগরি সহায়তায় প্রতি ভোটকেন্দ্রে দু’জন করে সশস্ত্র বাহিনীর সদস্য নিয়োগ থাকবে।

নারী ও শারীরিক প্রতিবন্ধী ভোটারদের নিরাপদে, নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে ভোট দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় সহায়তা করবে।

আজ ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদেরও আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচল নিষিদ্ধ থাকবে।

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ঢাকা উত্তরে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রের ৭ হাজার ৮৫০ টি বুথে ৩০ লাখ ৯ হাজার এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০ ভোটকেন্দ্রের ৬ হাজার ৫৮৯টি বুথে ২৪ লাখ ৫২ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/৩০ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।