সিটি নির্বাচনের শেষ দিনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা: পাল্টাপাল্টি অভিযোগ
https://parstoday.ir/bn/news/bangladesh-i77076-সিটি_নির্বাচনের_শেষ_দিনের_প্রচারণায়_ব্যস্ত_প্রার্থীরা_পাল্টাপাল্টি_অভিযোগ
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ (বৃহস্পতিবার)। রাত ১২টা পর্যন্ত চলবে শেষ দিনের প্রচার-প্রচারণা। তাই প্রতিটি সময় কাজে লাগাতে তুঙ্গে প্রচার-প্রচারণা। তবে শেষ সময়ে এসে প্রার্থীদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগও।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ৩০, ২০২০ ১৬:৪২ Asia/Dhaka
  • প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস
    প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ (বৃহস্পতিবার)। রাত ১২টা পর্যন্ত চলবে শেষ দিনের প্রচার-প্রচারণা। তাই প্রতিটি সময় কাজে লাগাতে তুঙ্গে প্রচার-প্রচারণা। তবে শেষ সময়ে এসে প্রার্থীদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগও।

ঢাকা উত্তরের বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। এসময় তিনি  সাংবাদিকদের জানান, নির্বাচন নিয়ে এখনও আশঙ্কা না কাটলেও বিজয়ী হওয়ার বিষয়ে আশাবাদী তিনি।

অন্যদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকা থেকে প্রচারণা শুরু করে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আভিযোগ করেছেন, প্রতিপক্ষ ১৭০টি কেন্দ্র দখলে নেবার পায়তারা করছে।

জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল

অনুরূপ অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পক্ষে ভোট কেন্দ্রগুলো দখলে রাখতে পাঁচ শতাধিক তালিকাভুক্ত সন্ত্রাসীকে ঢাকায় জড়ো করা হয়েছে।  

বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, আমাদের নেতাকর্মীরাও সতর্ক পাহারা রয়েছে। যাতে জনগণ নিশ্চিত ভোট দিতে পারে। কাজ করার মতো আগামী দিনে দক্ষ, যোগ্য ও ভালো প্রার্থী এবং মেধাবী প্রার্থী মনোনয়ন দিয়েছি।

এদিকে, সিটি করপোরেশন নির্বাচনে কোন বিশেষ দেশের পর্যবেক্ষক এসে যেন মাতব্বরি না করে সেদিকে নজর দিতে ইসিকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এইচ টি ইমাম।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় নির্বাচন কমিশনে (ইসি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠকে  শেষে তিনি এ কথা বলেন।

এইচ টি ইমাম বলেন, ‘নির্বাচনের সার্বিক অবস্থা ভালো। আমাদের সহযোগিতার জন্য সেটা হয়েছে। পর্যবেক্ষকদের বিষয়ে কিছু কথা বলেছি। তারা যেন নিয়ম কানুন মেনে চলেন। বিশেষ দেশের কেউ যেন এখানে মাতব্বরি না করেন। অন্যান্য দেশে এমন কোনও সুযোগ নেই। অন্য দেশে তাদের অনেক বিধিনিষেধ থাকে। অনেক নিয়ম কানুন মানতে হয়। অনেক সময়ে অনেকেই অনেক কথা বলে ফেলেন, যাতে মনে হয় আমাদের সার্বভৌমত্বের ওপর কটাক্ষ করে ফেলেন। বাংলাদেশ আগের বাংলাদেশ নেই। আজকের বাংলাদেশে গণতন্ত্র সুসংহত।

বিশেষ দেশের ‘মাতব্বরি’ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত নির্বাচনে কোনও একটি দেশের অ্যাম্বাসেডর ক্যামেরা নিয়ে পোলিং বুথে ঢুকে গিয়েছিলেন। এ ধরনের ঘটনা যেন না ঘটে। রাষ্ট্রদূতদের যথেষ্ট সম্মান করি। বাংলাদেশের মতো এতো আদর-যত্ন কেউ করে না। সেগুলো করবেই। কিন্তু আতিথেয়তা মানে এই নয় যে, সে সুযোগ নিয়ে কেউ অতিরিক্ত বাড়াবাড়ি করবে।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩০ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।