ঢাকা সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ বিএনপির, প্রতিবাদে কাল হরতাল
-
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে তার প্রতিবাদে আগামীকাল (রোববার) রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
আজ (শনিবার) রাত ৮টার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। তিনি বলেন, আগামীকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করা হবে। ঢাকাবাসীকে শান্তিপূর্ণভাবে এই হরতাল কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, আমরা আশা করব, ঢাকাবাসী তাদের অধিকার রক্ষার জন্য এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করবে। আমরা এই নির্বাচন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।
বিএনপির মহাসচিব বলেন, উত্তর ও দক্ষিণের ফলাফলে সরকারি মদদ স্পষ্ট। আমাদের আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে। এই নির্বাচনেও সরকার আগের নির্বাচনের মতোই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করে তাদের মতো করে দখল করেছে। এই সরকার সচেতনভাবে গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়।
এর আগে, বিকেল পৌঁনে ৫ টায় রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরেন ফখরুল।
ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন অভিযোগ তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচনে জনগণের মতামত প্রতিফলিত হবে না। তবে আমরা ফলাফল পর্যন্ত অপেক্ষা করব। ফখরুল বলেন, আজকে সিটি নিবাচন শুরুই হয়েছে বড় রকমের আচরণ বিধি লঙ্ঘনের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালেই ভোট দিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন, এটা সরাসরি নির্বাচনে হস্তক্ষেপের শামিল। কোনও ক্রমেই তার বক্তব্য নির্বাচনের আচরণ বিধির মধ্যে পড়ে না।
তিনি জানান, সকাল থেকেই বিএনপি নেতারা নিবাচন পর্যবেক্ষণ করেছেন। বিএনপি এজেন্টের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে, ভোটারদের আঙ্গুলেন ছাপ নিয়ে বুথ থেকে বের করে দেয়া হয়েছে। জোর করে ভোট দেয়ানো হয়েছে। ক্ষমতাসীন দলের নেতাদের বিবৃতি হুমকি কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।