ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বের, দাসত্বের নয়: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i78012-ভারতের_সঙ্গে_আমাদের_সম্পর্ক_বন্ধুত্বের_দাসত্বের_নয়_ওবায়দুল_কাদের
বাংলাদেশের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বের, দাসত্বের নয়। ভারত আমাদের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করতে গিয়ে দেশের স্বার্থের কথা ভুলে যাই না।’
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০৫, ২০২০ ১৩:০৮ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বের, দাসত্বের নয়। ভারত আমাদের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করতে গিয়ে দেশের স্বার্থের কথা ভুলে যাই না।’

আজ (বৃহস্পতিবার) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কুমিল্লা ও কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের নেতাদের হাতে নতুন করে দলীয় কর্মী অন্তর্ভূক্তির লক্ষ্যে দলের ‘প্রাথমিক সদস্য ফরম’ ও ‘গঠনতন্ত্র’ তুলে দেয়ার সময় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেদেশের প্রতিনিধি হিসেবে ‘মুজিববর্ষের’ অনুষ্ঠানে যোগ দেবেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে নয়।

বিএনপি এখন নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করছে- এ কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মোদির বাংলাদেশে আসার ব্যাপারে যারা বিরোধিতা করছেন, তারা মুজিববর্ষেরই বিরোধিতা করছেন। যারা মোদির বাংলাদেশে আসার বিরোধিতা করছেন, তারাই ভারতের সঙ্গে দাসের মতো আচরণ করেন বলেও ওবায়দুল কাদের উল্লেখ করেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ভারত সফরে গিয়ে গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিয়ে আলোচনা করতে ভুলে গিয়েছিলেন। সেই দলটির নেতারাই ভারতের নেতাদের খুশি করতে দাসের মতো আচরণ করেন।

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে হর্ষ বর্ধন শ্রিংলা (ফাইল ফটো)

ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে গত মঙ্গলবার সকালে বিএনপির কূটনীতিক উইংয়ের প্রতিনিধি দলের বৈঠক শেষ মুহূর্তে বাতিল হওয়ায় বিএনপি নেতারা ক্ষুব্ধ হয়েছেন।

দিল্লিতে মুসলমানদের ওপর সহিংসতায় উদ্বেগ জানিয়ে সম্প্রতি বিবৃতি দিয়েছে বিএনপি। এর পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন নিয়ে প্রশ্ন তোলেন। এ ছাড়া ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠককে বিএনপি আনুষ্ঠানিকভাবে দিল্লির ঘটনা তুলে ধরতে পারে এমন শংকা থেকেই বৈঠক বাতিল হয়েছে বলে বিএনপি নেতাদের ধারণা ।

বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ও কূটনীতিক উইংয়ের প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের উপস্থিত  থাকার কথা ছিল।

নরেন্দ্র মোদি না আসার কোনো কারণ নেই: পররাষ্ট্রমন্ত্রী

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুজিববর্ষের অনুষ্ঠানে না আসার কোনো কারণ নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র এটি (ভারত)। সেখান থেকে আরও অনেক অতিথি আসবেন। সবার নিরাপত্তা বিষয়টি আন্তরিকভাবে নেওয়া হবে। শিল্পখাত বিকাশ ঘটবে।

আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অষ্টম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।