করোনার পরীক্ষা ছাড়া কোনো যাত্রীকে বাংলাদেশে না আনার নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর
https://parstoday.ir/bn/news/bangladesh-i78021-করোনার_পরীক্ষা_ছাড়া_কোনো_যাত্রীকে_বাংলাদেশে_না_আনার_নির্দেশ_পররাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, দেশি ও বিদেশি নাগরিক যারাই বিদেশ থেকে বাংলাদেশে আসতে চান তাদের সংশ্লিষ্ট দেশের বিমানবন্দরে করোনা ভাইরাস পরীক্ষা করাতে হবে। পরীক্ষা ছাড়া কোনো যাত্রীকে বাংলাদেশে না আনতে এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০৫, ২০২০ ১৫:৫১ Asia/Dhaka
  • এ কে আব্দুল মোমেন
    এ কে আব্দুল মোমেন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, দেশি ও বিদেশি নাগরিক যারাই বিদেশ থেকে বাংলাদেশে আসতে চান তাদের সংশ্লিষ্ট দেশের বিমানবন্দরে করোনা ভাইরাস পরীক্ষা করাতে হবে। পরীক্ষা ছাড়া কোনো যাত্রীকে বাংলাদেশে না আনতে এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। 

আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই মেলা উপলক্ষে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী আরও বলেন, করোনা ভাইরাসের কারণে কয়েকটি দেশের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করা হয়েছে। 

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, বাংলাদেশি শ্রমিকদেরও করোনা ভাইরাস পরীক্ষা করে সার্টিফিকেট নিয়ে কুয়েত যেতে হবে। আর এ বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় দেখছে বলেও জানান তিনি।

কুয়েতগামী যাত্রীদের করোনার পরীক্ষা হয়নি

তবে, ঢাকায় অবস্থানরত কুয়েত প্রবাসী বাংলাদেশিরা তাদের শরীরে করোনা ভাইরাস আছে কিনা, তা পরীক্ষা করাতে আইইডিসিআরের সামনে ভিড় করলেও তাদের কাউকে সেখানে এ প্রবেশ করতে দেয়া হয়নি।

প্রবাসীরা জানান, কুয়েত দূতাবাস থেকে বলা হয়েছে, করোনা ভাইরাসমুক্ত সার্টিফিকেট না পেলে, কুয়েতে প্রবেশ করতে দেয়া হবে না। আর এই পরীক্ষা আইইডিসিআর থেকে করাতে হবে। তবে আইইিডসিআর বলছে, উপসর্গ না থাকলে, এখান থেকে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয় না।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

মোংলা বন্দরে ৩ বিদেশি নাবিককে পর্যবেক্ষণ

ওদিকে, মোংলা বন্দরে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে তিন বিদেশি নাবিককে পর্যবেক্ষণে রেখেছেন পোর্ট হেলথ’র চিকিৎসকরা। যদিও চিকিৎসকরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি ওই ৩ বিদেশি নাবিক আসলেই করোনা ভাইরাসে আক্রান্ত কিনা।  

এ ঘটনায় ওই জাহাজ থেকে সব পণ্য খালাস কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এ ছাড়া কোনো লোক জাহাজ থেকে যেন ওঠানামা না করতে পারে সে জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন পোর্ট হেলথের চিকিৎসকরা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের পোর্ট হেলথ অফিস সূত্র জানায়, সোমবার রাতে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী কয়লা বোঝাই একটি বাণিজ্যিক জাহাজ পশুর চ্যানেলের ৩নং হাড়-বাড়িয়া এলাকায় নোঙ্গর করে। এ সময় ওই জাহাজে পোর্ট হেলথের চিকিৎসকরা জাহাজের ২০ ক্রুর (নাবিকদের) স্বাস্থ্য পরীক্ষা করেন। এ সময় তারা তিন ফিলিপাইনের নাবিকদের শরীরে জ্বর ও প্রচণ্ড তাপ অনুভব করে। এতে নাবিকদের শরীরে করোনা ভাইরাস থাকতে পারে বলে সন্দেহ করেন চিকিৎসকরা।

পরবর্তীতে এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তাদের নির্দেশনায় পুনরায় বৃহস্পতিবার সকালে ওই জাহাজে গিয়ে সন্দেহভাজন তিন জনকে আবারো পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও একজনের অবস্থার অবনতি দেখা যায়। এ অবস্থায় এই তিনজনকে ওই জাহাজের মধ্যেই গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।

করোনা পরিস্থিতি জানাতে হাইকোর্টের নির্দেশ

এদিকে, দেশে করোনা ভাইরাস ঠেকাতে, কী ব্যবস্থা নেয়া হয়েছে, সোমবারের মধ্যে তা জানাতে মৌখিক আদেশ দিয়েছে হাইকোর্ট। বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সংবাদ আদালতের নজরে আনার পর, হাইকোর্টের একটি দ্বৈতবেঞ্চ এই আদেশ দেন।

আজ হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে তিনটি মৌখিক নির্দেশনা দেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।