জি কে শামীমের জামিনাদেশ প্রত্যাহার: জামিনকে দুঃখজনক বললেন আইনমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i78088-জি_কে_শামীমের_জামিনাদেশ_প্রত্যাহার_জামিনকে_দুঃখজনক_বললেন_আইনমন্ত্রী
বাংলাদেশের বিতর্কিত ঠিকাদার ও বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীমকে অস্ত্র মামলায় দেওয়া জামিন প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট। আজ (রোববার) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগের আদেশ প্রত্যাহার করে এ আদেশ দেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০৮, ২০২০ ১২:১২ Asia/Dhaka
  • জি কে শামীম
    জি কে শামীম

বাংলাদেশের বিতর্কিত ঠিকাদার ও বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীমকে অস্ত্র মামলায় দেওয়া জামিন প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট। আজ (রোববার) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগের আদেশ প্রত্যাহার করে এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান। জি কে শামীমের পক্ষে ছিলেন আইনজীবী মমতাজউদ্দিন আহমদ মেহেদী ও শওকত ওসমান।

আদালতের আদেশের পর জি কে শামীমের আইনজীবী অ্যাডভোকেট মমতাজউদ্দিন আহমেদ মেহদি সাংবাদিকদের বলেন, হাইকোর্টে নতুন করে জামিন আবেদন করা হবে। হাইকোর্টের আজকের আদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আবেদন করা হতে পারে বলেও তিনি জানিয়েছেন।

গত ৬ ফেব্রুয়ারি অস্ত্র আইনের মামলায় জি কে শামীমকে ছয় মাসের জামিন দেন একই বেঞ্চ। এই জামিনের বিষয়টি গতকাল জানাজানি হয়। সম্পূরক কার্যতালিকায় বিষয়টি আজ আদেশের জন্য ওঠে। শুনানি নিয়ে আদালত আদেশ দেন।

আইনমন্ত্রী আনিসুল হক

 জি কে শামীমের জামিনের বিষয়টি খতিয়ে দেখবেন আইনমন্ত্রী

এদিকে, আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, কোন প্রক্রিয়ায় টেন্ডার কিং গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমের ছয় মাস জামিন দেয়া হয়েছিল তা খতিয়ে দেখা হবে। তিনি রাষ্ট্রপক্ষের অনুপস্থিতিতে জিকে শামীমের জামিন হয়ে যাওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডুয়িং বিজনেস শীর্ষক এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, জিকে শামীমের জামিনের বিষয়ে জানতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছি, তিনি এ বিষয়টি জানতেন না। এ ছাড়া সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফআর খানও জানিয়েছেন, তিনিও জানতেন না।

অস্ত্র আইনের ধারা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এ ধরনের মামলায় আসামির জামিনের ক্ষেত্রে উভয়পক্ষের আইনজীবীদের শুনানিতে উপস্থিত থাকতে হবে। এটি আইনেই আছে। শুনানিতে রাষ্ট্রপক্ষ যদি উপস্থিত না থাকে, তা হলে কোন প্রক্রিয়ায় জিকে শামীমের জামিন হলো তা খতিয়ে দেখব। এভাবে জামিন সত্যি দুঃখজনক। আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, আদালতে যদি রাষ্ট্রপক্ষ উপস্থিত থাকে, তা হলে কেন তারা বিরোধিতা করেনি সেটিও খতিয়ে দেখা হবে। এটি রাষ্ট্রপক্ষের ব্যর্থতা কিনা তা তদন্ত করে দেখা হবে।

গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার হন জি কে শামীম। তাঁর বিরুদ্ধে অস্ত্র, মাদক, অর্থ পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মোট চারটি মামলা হয়। গত বছরের ২১ অক্টোবর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জিকে শামীমের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় শামীমের বিরুদ্ধে ২৯৭ কোটি ৯ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগ আনা হয়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।