ঢাকার রূপনগর বস্তিতে ভয়াবহ আগুন, কয়েকশ’ ঘর পুড়ে ছাই
-
রূপনগর থানা শিয়ালবাড়ী বস্তিতে ভয়াবহ আগুন
বাংলাদেশের রাজধানীর মিরপুরের রূপনগর থানা এলাকায় শিয়ালবাড়ী বস্তিতে আগুন লেগে কয়েকশ’ কাঁচা ঘর পুড়ে গেছে। আজ (বুধবার) সকাল ৯টা ৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই তা আশেপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট প্রায় তিনঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সকালে অগ্নিকাণ্ডের ঘটনার সময় অনেকেই বস্তিতে ছিলেন না। কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়ে গেছেন। আর যারা ছিলেন তারা আগুনের সংবাদ পেয়ে দ্রুত রাস্তায় গিয়ে দাঁড়ান। এখন পর্যন্ত এ ঘটনায় নিহত-আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে গত ১৬ আগস্ট সন্ধ্যায় মিরপুর ৭ নম্বরে রূপনগর থানার কাছে চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডের ফলে বস্তির দুই হাজারের বেশি ঘরের প্রায় সবকটিই পুড়ে যায়। কিছুদিন পর নতুন করে অস্থায়ী ঘর বানিয়ে স্থানীয় প্রভাবশালীরা আবারো বস্তি বসিয়ে গরীব ও নিম্ন আয়ের মানুষদের কাছে ভাড়া দেয়। এর পরে এবছরের গোড়ার দিকে চলন্তিকা বস্তিতে আবারো একদফা আগুন লাগে। তাতে সামান্য কয়ক্ষতি হয়।
এ ছাড়া গতবছরের শেষ দিকে মিরপুরের দুয়ারীপাড়া ও কালসি বস্তিতেও আগুনের ঘটনা ঘটে।
ভুক্তভোগী বস্তিবাসীরা জানিয়েছেন, আগুন লাগার আগে বস্তিবাসীদের ঘর খালি করে দেবার জন্য বিশেষ মহল থেকে প্রচার চালানো হয়। তারা জানায় সরকারি জমিতে স্থাপিত বস্তিতে উচ্ছেদ করে সম্পত্তি গ্রাস করার জন্য বারবার এরকম আগুন লাগানে হয়ে থাকে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।