প্রতি উপজেলা থেকে অন্তত দুটি করে নমুনা পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দেশে করোনাভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাবের সর্বশেষ অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে প্রতি উপজেলা থেকে অন্তত দুটি করে নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার করেনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মো: হাবিবুর রহমান এ কথা জানান।
তিনি বলেন, ‘আজ আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা নির্দেশনা পেয়েছি। আমাদের মহাপরিচালক, প্রত্যেকটা বিভাগের পরিচালকবৃন্দ, সব জেলার সিভিল সার্জনদের নির্দেশ দেয়া হয়েছে যেন আজকের মধ্যে প্রত্যেকটি উপজেলা থেকে কমপক্ষে দুটি করে নমুনা সংগ্রহ করা হয়। আমরা যেন অন্তত এক হাজার নমুনা সংগ্রহ করতে পারি এবং আগামীকাল সেগুলো পরীক্ষা করতে পারি।’
হাবিবুর রহমান জানান, বর্তমানে ঢাকায় ছয়টি জায়গায় আর ঢাকার বাইরে চারটি জায়গায় পিসিআর পরীক্ষা চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ও (বিএসএমএমইউ) করোনার নমুনা পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা সন্দেহে ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে দুজন আক্রান্ত শনাক্ত হয়েছেন।
এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫৬ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা ছয়জনই রয়েছে।
এদিকে, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) ভাইরোলজিস্ট খন্দকার মাহবুবা জামিল জানান, দেশে মৃদু আকারে করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে। তবে নিশ্চিত করে বলা যাবে না। বিভিন্ন জায়গা থেকে যেসব স্যাম্পল পাচ্ছি, সেটা এত বেশি না। যত স্যাম্পল কালেকশন হয়েছে, তাতে এতটা পজিটিভ পাওয়া যাচ্ছে না। যদি কমিউনিটি ট্রান্সমিশন বেশি হতো, তাহলে সংগৃহীত সব নমুনায় পজিটিভ আসতো।
জনগনকে সঠিক তথ্য দিন: বিএনপি
অপরদিকে, বিএনপি মন্তব্য করেছে, তথ্য গোপন করে করোনা মহামারি এড়ানো যাবে না ।
আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন, ‘সঠিক তথ্য দিয়ে এই রোগের ভয়াবহতা বুঝিয়েই জনগণকে কোয়ারেন্টিন মেনে চলতে অনুপ্রাণিত করতে হবে। করোনাভাইরাস সংক্রমণ রোধ, সুরক্ষা ও প্রতিকারে সরকারের পরিকল্পনা সম্পর্কে প্রকৃত তথ্য দিয়ে মানুষের আস্থা তৈরি করা উচিত।’
তিনি বলেন, ‘ইতোমধ্যে বিদেশি কূটনীতিকরা দলে দলে ঢাকা ছাড়ছেন। আমরা মনে করি, সরকারের নীতির কারণেই দেশের করোনা পরিস্থিতির আসল চিত্র ফুটে উঠছে না। ভেতরে ভেতরে সংক্রমণ হতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। আজকের পত্রিকায় খবর বেরিয়েছে, গতকাল ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে দেশের বিভিন্ন স্থানে মারা গেছেন বেশ কয়েকজন। আর সরকারি হিসাবে মারা গেছে একজন।’
বিএনপি'র এ নেতা প্রশ্ন করেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকারের এত সক্ষমতা থাকলে ইউরোপিয়ান, আমেরিকান ও জাপানিরা দেশ ছেড়ে যাচ্ছেন কেন? তিনি আরও বলেন, ‘সরকারের তথ্য গোপন পলিসির সমালোচনা করার কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে গত কয়েকদিনে বিএনপির ১২ নেতাকর্মী ও চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে তাদের মুক্তি দিন।’#
পার্সটুডে/বাবুল আখতার/আবদুর রহমান খান/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।