শ্রমিকদের সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন দাবিতে পশ্চিমবঙ্গে বামপন্থিদের বিক্ষোভ
শ্রমিকদের সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন দাবিতে পশ্চিমবঙ্গে বামেদের পক্ষ থেকে বিক্ষোভ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতাসহ বিভিন্ন জেলায় বামপন্থি শ্রমিক সংগঠন সিআইটিইউ (সিটু), এআইইউটিইউসি প্রভৃতি সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ও কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় কর্মী-সমর্থকরা প্ল্যাকার্ড, পোস্টার হাতে নিয়ে ওই কর্মসূচিতে শামিল হন।
সিটু’র দাবি, গোটা দেশ জুড়ে শ্রম আইন প্রয়োগ করে শ্রমিকদের সামাজিক সুরক্ষা দিতে হবে। উপযুক্ত স্বাস্থ্য পরীক্ষা করে পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে বাড়ি ফেরাতে হবে। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের অ্যাকাউন্টে অবিলম্বে ৭ হাজার ৫০০ টাকা দিতে হবে। সব মানুষকে রেশন দিতে হবে।
আজ কোলকাতার হাজরা মোড়, বিবিবাজার মোড়, আসবেস্টার্স মোড়ে, দত্তবাগান মোড়, যাদবপুর-বাঘাযতীন প্রভৃতি এলাকায় বিক্ষোভ কর্মসূচি হয়।

এআইইউটিইউসি’র রাজ্য সম্পাদক অশোক দাস আজ বলেন, ‘পশ্চিমবঙ্গে গত ১১ মে থেকে ১৭ মে পর্যন্ত দাবি সপ্তাহ পালিত হচ্ছে, বিভিন্ন ব্লকে ও এসডিও অফিসে, ডিএম অফিসে স্মারকলিপি জমা দেওয়া হচ্ছে। আজ তিনি উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লক অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়ে বলেন, ‘অবিলম্বে গাইঘাটার পরিযায়ী শ্রমিকদের তালিকা তৈরি করে তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। আপনারা দেখেছেন ইতোমধ্যেই কয়েকজন হাজার হাজার মাইল হেঁটে গাইঘাটায় পৌঁছেছেন। এই অবস্থা কেন হবে? যারা বিদেশে আছেন তাঁদেরকে বিমানে করে বিনা ভারায় নিয়ে আসা হচ্ছে। অন্যদিকে পরিযায়ী শ্রমিকদের বিনা ভারায় এখনও নিয়ে আসার ব্যবস্থা হয়নি।’
তিনি পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে বিনা ভাড়ায় ট্রেন ও বাসে করে নিজ রাজ্যে ফিরিয়ে আনার দাবি জানান। কলকারখানায় যেসব শ্রমিকদের বেতন বন্ধ হয়ে গিয়েছে তাঁদের অবিলম্বে বেতন দিতে হবে। বিড়ি শ্রমিক, চটকলের শ্রমিকসহ অন্যত্র কোথাও বেতন পাওয়া যাচ্ছে না। সেজন্য সরকারকে অবিলম্বে তাঁদের বেতন দেওয়ার ব্যবস্থা করতে হবে বলেও শ্রমিক নেতা আশোক দাস জানান।
আজ কুচবিহার সিটুর পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের নিজ রাজ্যে ফেরানোসহ একাধিক দাবিতে বিক্ষোভ ও জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়। ওই কর্মসূচিতে সিটু’র কুচবিহার জেলা সভাপতি তারিনী রায়, জেলা সম্পাদক কমরেড জগৎজ্যোতি দত্তসহ অন্যরা উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।