করোনা আক্রান্ত ছিলেন বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী, স্বাস্থ্যবিধি মেনে নাসিমের দাফন সম্পন্ন
-
শেখ মোহাম্মদ আব্দুল্লাহ
পরলোকগত বাংলাদেশের ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র করোনা ভাইরাস টেস্টে পজিটিভ এসেছে। গতকাল (শনিবার) দিনগত রাতে মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ (রোববার) সকালে পরীক্ষার পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।
ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রীর গণসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্যারের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে শুনেছি। শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ দাফন করা হবে বলেও তিনি জানান। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রথম মন্ত্রিসভার সদস্য যিনি প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।
জানা গেছে, শুক্রবার থেকে ধর্ম প্রতিমন্ত্রীর হালকা কাশি ছিল। শনিবার সন্ধ্যার পর থেকে একটু শ্বাসকষ্ট শুরু হয়। পরে রাত ১০ টার দিকে সিএমএইচ এ যাওয়ার পথে জাহাঙ্গীর গেটেই অচেতন হয়ে যান তিনি। সিএমএমএইচ এ নিয়ে সাথে সাথে তাকে লাইভ সাপোর্টে নেয়া হয়। রাতে পৌনে ১২ টায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে শনিবারই মৃত্যুবরণ করেন করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসার পর তার করোনা নেগেটিভ হয়। তবে করোনা ভাইরাস আক্রান্ত অবস্থায় তার ব্রেন স্ট্রোক হয়। এর কারণে কয়েকদিন ডিপ কোমায় থাকার পরে তিনি মৃত্যুবরণ করেন।
আজ (রোববার) সকাল ১০টা ৫৭ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় মোহাম্মদ নাসিমের মরদেহ।
এ সময় মরহুমের ছেলে তানভীর শাকিল জয়সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তবে স্বাস্থ্যবিধি থাকায় সীমিত সংখ্যক মানুষকে এ সময় কবরস্থানে প্রবেশাধিকার দেওয়া হয়।
দাফনের আগে তানভীর শাকিল জয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
এর আগে এই দিন সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে মরহুমের প্রতি ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় মরহুমের মরদেহে প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিবুর রহমান এবং রাষ্ট্রপতির পক্ষে তার সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল রাজু ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে মরহুমের প্রতি ফুল দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
এর আগে সকাল ৯টায় রাজধানীর সোবহানবাগ জামে মসজিদে মোহাম্মদ নাসিমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে জানাজার অয়োজন করা হয়। জানাজায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।