করোনাভাইরাস: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ৩,৫৩৩
-
করোনাভাইরাসে মৃত এক ব্যক্তিকে দাফনের আগে জানাজা পড়া হচ্ছে
বাংলাদেশে নতুন করে ৩ হাজার ৫৩৩ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জন। এছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ২ হাজার ৪৫৭ জনের মৃত্যু হলো।
আজ (বুধবার) দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশের ৭৯টি পরীক্ষাকেন্দ্রে ১৪ হাজার ২টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫.২৩ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৪ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১ হাজার ৭৯৬ জন সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. নাসিমা বলেন, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নেওয়া ১ লাখ ৫ হাজার ২৩ জন সুস্থ হয়ে উঠেছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪.২৫ শতাংশ।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।