রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ গ্রেফতার: আওয়ামী লীগ ও বিএনপির প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i81468-রিজেন্ট_গ্রুপের_চেয়ারম্যান_সাহেদ_গ্রেফতার_আওয়ামী_লীগ_ও_বিএনপির_প্রতিক্রিয়া
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে যতই ক্ষমতাশালী হোক, শেষ পর্যন্ত তাঁকে ধরা পড়তেই হবে। অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, দুর্বৃত্তের কোনো দল নেই।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ১৫, ২০২০ ১৪:৪৭ Asia/Dhaka

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে যতই ক্ষমতাশালী হোক, শেষ পর্যন্ত তাঁকে ধরা পড়তেই হবে। অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, দুর্বৃত্তের কোনো দল নেই।

করোনা নমুনা পরীক্ষার নামে ভুয়া সার্টিফিকেট প্রদানসহ নানাবিধ অনিয়মের দায়ে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের গ্রেফতারের পর আজ (বুধবার) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, মুখোশের আড়ালে যতই মুখ লুকিয়ে রাখুক না কেন, কোনো অপরাধীই অপরাধ করে ছাড় পাবে না। রিজেন্ট হাসপাতাল ও জেকেজির কর্তাব্যক্তিদের গ্রেফতার তাদের অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের কঠোর অবস্থানকেই প্রমাণ করে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 ওবায়দুল কাদের

উল্লেখ্য, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত জেলা সাতক্ষীরা হয়ে নৌপথে ভারতে পালিয়ে যাবার চেষ্টা কালে আজ সকালে র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ।

এর আগে গত ৭ জুলাই বিকেলে উত্তরায় রিজেন্টের প্রধান কার্যালয় সিলগালা করে দেয় র‌্যাব। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে মিরপুর ও উত্তরার হাসপাতাল দু’টি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

আসাদুজ্জামান খান কামাল

সাহেদকে বিচারের জন্য সোপর্দ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাহেদের গ্রেফতার প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, সাহেদ জঘন্য অপরাধ করেছে। দেশের ভাবমূর্তি বিনষ্ট করেছে। তার অপরাধ উদঘাটন করে বিচারের জন্য সোপর্দ করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল স্বীকার করেন, ‘সাহেদের সঙ্গে অনেকেরই যোগাযোগ ছিল। না হলে এত বড় চেইন সে কীভাবে মেইনটেইন করেছে। আমার সঙ্গেও তার যোগাযোগ ছিল। সেটা আমি ইতোমধ্যে বলেছি। আমিও তার হাসপাতালে ৫-৬ জন রোগী পাঠিয়েছিলাম।’

রুহুল কবির রিজভী

সাহেদের গ্রেফতার একটা নাটক: বিএনপি

ওদিকে, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের গ্রেফতারকে ‘নাটক’ বলে মন্তব্য করেছে বিরোধী দল বিএনপি। আজ (বুধবার) সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারের অনুমতি নিয়ে জেকেজি ও রিজেন্ট মানুষকে করোনার টেস্টের নামে মৃত্যুর সনদ দিয়েছে। কেলেঙ্কারি ফাঁস হওয়া পর্যন্ত তো সাহেদ আওয়ামী লীগেরই লোক ছিল। সাহেদের মা আওয়ামী মহিলা লীগের নেতা। আসলে যেমন সাহেদ প্রতারক; তেমন তার সরকার।

বিএনপির এই নেতা বলেন, স্বাস্থ্য খাতের দুর্নীতির সঙ্গে সরকার ও তাদের মন্ত্রী-এমপিদের ছেলে-মেয়েরা জড়িত। এখন হাওয়া ভবনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

এর আগে গতকাল শনিবার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবন থেকে একটি অনলাইন আলোচনায় অংশ নিয়ে মন্তব্য করেছেন, রিজেন্ট গ্রুপের মালিক সাহেদ হাওয়া ভবনে লালিত-পালিত হয়েছেন। এক এগারোর সময় সে তারেক জিয়ার বন্ধু মামুনের সঙ্গে গ্রেফতার হয়েছিল।

রিজেন্ট গ্রুপের মালিক সাহেদের ব্যাপারে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘রাজনৈতিক কর্মী হিসেবে আমাদেরও ব্যর্থতা আছে। কারণ, সে (সাহেদ) কারও না কারও ছত্র-ছায়ায় লালিত-পালিত হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার যখন তার অপকর্ম জানতে পেরেছে, তখনই কিন্তু ব্যবস্থা নিয়েছে। অন্য কেউ কিন্তু তাকে ধরিয়ে দেয়নি।’

সাহেদের চ্যালেঞ্জ

গ্রেফতারকৃত সাহেদকে আজ সকাল ৯টায় সাতক্ষীরা থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় আনার পর তাকে র‍্যাব সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

সেখানে উপস্থিত কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় সাহেদ অনেকটা নিরুদ্বিগ্ন ছিলেন। এ সময় বেশ দম্ভোক্তি করে সাহেদ বলেন, ‘আমাকে ছয় মাসের বেশি সময় আটকে রাখা যাবে না।’

নিজের পত্রিকার লাইসেন্স আছে উল্লেখ করে যেসব সংবাদমাধ্যম ও সংবাদকর্মীরা তার ছবি তুলছে এবং সংবাদ প্রকাশ করছে তাদেরও দেখে নেয়ার হুমকি দেন সাহেদ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।