দুর্যোগ মোকাবিলায় সাফল্যের দুর্গে ফাটল ধরানোর অপচেষ্টা করছে কুচক্রী মহল: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i81957-দুর্যোগ_মোকাবিলায়_সাফল্যের_দুর্গে_ফাটল_ধরানোর_অপচেষ্টা_করছে_কুচক্রী_মহল_ওবায়দুল_কাদের
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ মোকাবিলায় যখন সরকার সফলতা দেখাচ্ছে, তখন একটি কুচক্রী মহল এ সফলতার দুর্গে ফাটল ধরানোর অপচেষ্টা করছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ০২, ২০২০ ১২:৩২ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ মোকাবিলায় যখন সরকার সফলতা দেখাচ্ছে, তখন একটি কুচক্রী মহল এ সফলতার দুর্গে ফাটল ধরানোর অপচেষ্টা করছে।

জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে আজ (২ আগস্ট, শনিবার) ধানমন্ডি ৩২নং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে আয়েআজিত এক   অনুষ্ঠানে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেছেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগস্ট এলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে দুঃশ্চিন্তায় থাকে পুরো জাতি। এ আগস্ট মাসে বঙ্গবন্ধু তার পরিবারের সদস্যদের বর্বরোচিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। ১৫ আগস্টের ধারাবাহিকতায় ২১ আগস্ট শেখ হাসিনাকে টার্গেট করে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা জয় করে মহাদুর্যোগের এ সময়ে জনগণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন এবং তার নির্দেশে দলীয় নেতাকর্মীরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, তখন মিডিয়ার কল্যাণে টিকে থাকা বিএনপি সরকারের সমালোচনায় লিপ্ত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ওবায়দুল কাদের বলেন, যে কোনো দুর্যোগ এড়িয়ে না গিয়ে শেখ হাসিনা সুদক্ষ নাবিকের মতো হাল ধরেন। করোনা ভাইরাসের শুরু থেকে তার সুদক্ষ নেতৃত্ব ও দিকনির্দেশনার পরিপেক্ষিতে সংকট ঘনীভূত হয় নি৷ বন্যার শুরু থেকে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শেখ হাসিনা বলেছেন, কেউ যেন না খেয়ে মারা না যায়৷ শেখ হাসিনার সরকার সব প্রতিকূলতা জয় করে কাজ করে যাচ্ছে। এ জন্য একটি মহল ঈর্ষান্বিত হয়েছে। এর আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কৃষকলীগ আয়োজিত স্বেচ্ছায় প্লাজমা-রক্তদান কর্মসূচি এবং অনাথদের মাঝে ঈদ উপহার, মৌসুমী ফল ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/এনএম/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।