সুপ্রিম কোর্টে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার চার মামলার কার্যক্রম স্থগিত
https://parstoday.ir/bn/news/bangladesh-i82346-সুপ্রিম_কোর্টে_বেগম_খালেদা_জিয়ার_বিরুদ্ধে_নাশকতার_চার_মামলার_কার্যক্রম_স্থগিত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার চার মামলার কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ সদস্যের আপিল বেঞ্চ আজ (সোমবার) এ আদেশ দেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ১৭, ২০২০ ১৪:৫৪ Asia/Dhaka
  • বেগম খালেদা জিয়া
    বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার চার মামলার কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ সদস্যের আপিল বেঞ্চ আজ (সোমবার) এ আদেশ দেন।

মামলাগুলো সচল রাখার জন্য রাষ্ট্রপক্ষ আবেদন করলেও তা খারিজ করা হয়। একইসাথে রুল দ্রুত নিষ্পত্তিতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। ২০১৪ সালের নির্বাচনের পর দেশব্যাপী বিএনপির কর্মসূচিতে গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে বেগম জিয়ার বিরুদ্ধে এ সব মামলা দায়ের করে পুলিশ।

এ ছাড়া, রাষ্ট্রদ্রোহ ও নাশকতার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ১১টি মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ অক্টোবর। আজ ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ এ তারিখ  ধার্য করেন।

২০১৫ সালের প্রথম দিকে বিএনপির হরতাল চলাকালে দারুস সালাম থানায় আটটি ও যাত্রাবাড়ী থানায় দুইটি মামলা দায়ের করে পুলিশ। ২০১৬ সালের প্রথম দিকে বেগম খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এছাড়া রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন এক নাগরিক।

এই ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানি এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য রয়েছে।

এ সব মামলায় খালেদা জিয়া ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা আমান উল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু। এদিকে বেগম জিয়ার আইনজীবী জানিয়েছেন, বিএনপি নেত্রীর প্যারলে মুক্তির মেয়াদ বৃদ্ধি চেয়ে শিগগিরই আবেদন করা হবে ।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।