বঙ্গবন্ধু যাদের বিশ্বাস করেছিলেন তারাই তাকে হত্যা করেছে: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i82475-বঙ্গবন্ধু_যাদের_বিশ্বাস_করেছিলেন_তারাই_তাকে_হত্যা_করেছে_প্রধানমন্ত্রী
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ এক অনুষ্ঠানে বলেছেন, তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাদের বিশ্বাস করেছিলেন তারাই তাকে হত্যা করেছে। খুনিদের লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর আদর্শ ও লক্ষ্য ধ্বংস করা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৩, ২০২০ ১১:২৯ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ এক অনুষ্ঠানে বলেছেন, তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাদের বিশ্বাস করেছিলেন তারাই তাকে হত্যা করেছে। খুনিদের লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর আদর্শ ও লক্ষ্য ধ্বংস করা।

আজ (রোববার) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী এমন মন্তব্য  করেন। শেখ হাসিনা বলেন, ‘যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন, একটি জাতি হিসেবে আত্মমর্যাদার সুযোগ করে দিয়েছিলেন, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছিলেন, তাকেই খুনিরা হত্যা করল। পাকিস্তানিরা পারেনি। কিন্তু বঙ্গবন্ধুর  যাদের প্রতি বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, তারাই তাকে  হত্যা করে বিশ্বাসঘাতকতা করলো।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের দুর্ভাগ্য তাকে হত্যা করার এই প্রক্রিয়াটা শুরু করার জন্য দেখা গেছে আমাদের দলের অভ্যন্তরে যেমন নানা ধরনের খেলা শুরু হয় এবং কিছু লোক সবসময় মুক্তিযুদ্ধ চলাকালীনও দালালি করতে প্রচেষ্টা চালিয়েছিল। ’‘আর পাশাপাশি জানা-অজানা বা যেভাবে হোক কিছু লোক নানা ধরনের সমালোচনায় মুখর হয়ে ওঠে। যারা সে সময় বঙ্গবন্ধুর প্রতিটি পদক্ষেপ গ্রহণের পর পর সমালোচনা করেছে বা লিখেছে- হ্যাঁ সমালোচনার প্রয়োজন আছে। কিন্তু এমনভাবে তাদের লেখনী এবং তাদের কার্যকলাপ ছিল এবং পরিকল্পিতভাবে সারা বাংলাদেশে অপবাদ ছড়ানো হয়েছিল।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘যে আদর্শ এবং লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করেছিলেন, সেই আদর্শ এবং লক্ষ্য ধ্বংস করাই ছিল খুনিদের লক্ষ্য। তারা কখনোই চায়নি বাংলাদেশের উন্নয়ন হোক। এই চক্রান্তের সঙ্গে খন্দকার মোশতাক যেমন জড়িত, তেমনি জিয়াউর রহমানও জড়িত ছিলেন। এই কারণে যে খন্দকার মোশতাক যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে তখন জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধান করে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদ মোশারফ থেকে শুরু করে সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধে যাদের সবচেয়ে বেশি অবদান ছিল তাদেরকে বেছে বেছে হত্যা করে জিয়াউর রহমান। সেনাবাহিনীর মেধাবী অফিসারদেরও একে একে হত্যা করা হয়েছে। জিয়া কোনোদিন তাদের পরিবারের খোঁজখবর নেয়নি। এ ছাড়া ছাত্রলীগ-যুবলীগ এবং আওয়ামী লীগের কত নেতাকর্মীকে গুম করেছে তার শেষ নেই।’

অনুষ্ঠানের শুরুতেই শোকাবহ যন্ত্র সংগীত পরিবেশন করা হয়। এতে সূচনা বক্তব্য রাখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। এরপর বঙ্গবন্ধুর কর্মময় ও সংগ্রামী জীবনের উপরে একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। আলোচনা সভায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং  ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন।#

 

পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/ ২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।