চীনের করোনা প্রতিষেধক ভ্যাকসিনের পরীক্ষা চালাতে সম্মতি দিল বাংলাদেশ
চীনে উৎপাদিত করোনাভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিনের পরীক্ষা চালাতে সম্মত হয়েছে বাংলাদেশ। গতকাল (বৃহস্পতিবার) ঢাকায় চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার শর্তে চীনা কোম্পানি সিনোভ্যাককে তাদের আবিস্কৃত করোনা টিকা বাংলাদেশে ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে আইসিডিডিআরবিকে এই ট্রায়ালের অনুমোদন দেয় বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল-বিএমআরসি। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য এতদিন বিষয়টি ঝুলে ছিল।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ‘আমরা ট্রায়াল করতে দিবো। তবে যারা স্বেচ্ছায় আসবে তাদেরকেই ট্রায়াল করতে দেয়া হবে। আর এ ক্ষেত্রে অগ্রাধিকার পাবে ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত ব্যক্তিগণ।
তাছাড়া, পরীক্ষা সম্পন্ন হবার পর ভ্যাকসিন প্রাপ্তিতে অন্য দেশের চেয়ে বাংলাদেশের অগ্রাধিকার থাকবে। আর এ সংক্রান্ত খরচও চীনা কোম্পানি বহন করবে।
এর আগে বাংলাদেশের কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি গত ২০ আগস্ট করোনাভাইরাসের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল বাংলাদেশে হওয়া উচিত বলে মন্তব্য করে বিবৃতি দিয়েছে । কমিটি তখন বলেছিলো, বাংলাদেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার উদ্দেশ্যে এই ট্রায়াল বাংলাদেশে চালানো উচিৎ।
তাছাড়া, স্বাস্থ্য বিশেষজ্ঞগণও বাংলাদেশে চীনা ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি দিতে সরকারকে আনুরোধ জানিয়েছে। ইতোমধ্যে ভারতও আশ্বাস দিয়েছে, তাদের দেশে ভ্যাকসিন উৎপন্ন হলে বাংলাদেশকে আগ্রাধিকার ভিত্তিতে তা দেওয়া হবে।
ক’দিন আগেই স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, ভ্যাকসিনের পরীক্ষা নিয়ে কোনো রাজনীতি নেই। গতকাল ঢাকায় চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ভ্যাকসিন যারাই তৈরী করুক ট্রায়াল এখানে করতে তো দিতেই হবে । ভ্যাকসিনের বিষয়ে সব প্রস্তাব ও অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকেও জানানো হয়েছে।
এর আগে গত ১৫ আগষ্ট রাজধানীতে শোক দিবসের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “ভ্যাকসিনের প্রয়োজন হবে কী না জানি না, করোনা এমনিতেই বাংলাদেশ থেকে চলে যাবে। আমরা আনন্দিত, দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যুহার কমেছে।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/ ২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।