নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ, দেশে সুশাসনের অভাবে এ দুর্ঘটনা-জাফরুল্লাহ
https://parstoday.ir/bn/news/bangladesh-i82854-নারায়ণগঞ্জে_মসজিদে_বিস্ফোরণ_প্রধানমন্ত্রীর_দুঃখ_প্রকাশ_দেশে_সুশাসনের_অভাবে_এ_দুর্ঘটনা_জাফরুল্লাহ
জাতীয় সংসদে আওয়ামীলীগ দলীয় সদস্য ও ভারতের প্রধানমন্ত্রী প্রণব মুখার্জীর মৃত্যুতে শোক প্রকাশকালে আজ প্রধাননমন্ত্রী শেখ হাসিনা 'নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে প্রানহানির ঘটনায় দু:খ প্রকাশ করেছেন। তিনি সারা দেশে অপরিকল্পিত এবং অনিরাপদ স্থানে মসজিদ নির্মাণের বিষয়েও তদন্ত করার পরামর্শ দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২০ ১৫:১৬ Asia/Dhaka
  • নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ, দেশে সুশাসনের অভাবে এ দুর্ঘটনা-জাফরুল্লাহ

জাতীয় সংসদে আওয়ামীলীগ দলীয় সদস্য ও ভারতের প্রধানমন্ত্রী প্রণব মুখার্জীর মৃত্যুতে শোক প্রকাশকালে আজ প্রধাননমন্ত্রী শেখ হাসিনা 'নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে প্রানহানির ঘটনায় দু:খ প্রকাশ করেছেন। তিনি সারা দেশে অপরিকল্পিত এবং অনিরাপদ স্থানে মসজিদ নির্মাণের বিষয়েও তদন্ত করার পরামর্শ দিয়েছেন।

ওদিকে বিদ্যুৎ নয় মিথেন গ্যাসের বিস্ফোরণ থেকেই নারায়ণগঞ্জের মসজিদে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিমত দিয়েছেন বিশেষজ্ঞগণ। এ প্রসঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের  (বুয়েট) ইলেক্ট্রিকাল ও ইলেকট্রনিকস বিভাগের সহযোগী অধ্যাপক  ড: ইয়াসির আরাফাত বলেছেন, বৈদ্যুতিক দুর্ঘটনায় এভাবে একসাথে ছ’টি এসি বিস্ফোরণ হবার কথা নয়।

এদিকে, দরজা জানালায় বন্ধ করে এসি চালু  অবস্থায় নামাজ কক্ষে গ্যাস লাইনের  লিকেজ থেকে গ্যাসের ঘনত্ব বেড়ে গিয়ে কোন রকম একটি স্পার্ক থেকে এ ভয়ানক দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন, বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অপর একজন বিশেষজ্ঞ শিক্ষক।

শুক্রবার নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এ’শার নামাজের জামায়াত চলাকালে বিস্ফোরণজনিত অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন। গুরুতর আহত ৩৭ জনের মধ্যে আজ রবিবার বিকেল পর্যন্ত  ২৪ জনের মৃত্যু হয়েছে। বাকীদের আবস্থাও  আশংকাজনক।

দুর্ঘটনার কারণ ও অবহেলার অভিযোগ তদন্তে ইতোমধ্যে তিতাস গ্যাস কর্তপক্ষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা প্রশাসন, বিদ্যুত বিতরণ কোম্পানি ডিপিডিসি ও সিটি করপোরেশন পৃথক পাঁচটি তদন্ত কমিটি গঠন করেছে। সবগুলো তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার ব্রিগেডে তদন্তদলের কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিদ্যুত ও গ্যাস দু’টিকেই সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করে তদের তদন্ত চালিয়ে যাচ্ছেন। টেকনিক্যাল পরীক্ষার পর তাদের একজন কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণের পর মসজিদের অভ্যন্তরে তারা ৭০ ভাগ মিথেন গ্যাসের উপস্থিতি শনাক্ত করতে পেরেছেন। 

নারায়ণগঞ্জের জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। রোববার রাতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেন।

এদিকে,  বিশিষ্ট চিকিৎসক গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী  বলেছেন, দেশে সুশাসন ও সঠিক ব্যবস্থাপনার অভাবে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আজ রোববার দুপুরে রাজধানীতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের দেখতে এসে তিনি একথা বলেন । 

এ সময় তিনি প্রত্যেক জেলায় দগ্ধ বা দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়ে বলেন, নারায়ণগঞ্জেই রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া উচিৎ ছিলো। রোগীদের চিকিৎসাটা যদি নারায়ণগঞ্জেই করা যেতে তাহলে হয়তো অনেক রোগী বেঁচে যেতে পারতো।তিনি বলেছেন, একটা দুর্ভাগ্য হলো, দগ্ধ রোগিদের জন্য এটি বাংলাদেশের একমাত্র হাসপাতাল। কিন্তু এখানে আসার আগেই ৫০ পার্সেন্ট চিকিৎসা যেখান থেকে আসছে সেখানে পাওয়া দরকার ছিল।’#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।