বাংলাদেশে করোনা নিয়ে আত্মতুষ্টিতে না ভুগতে কাদেরের অনুরোধ
https://parstoday.ir/bn/news/bangladesh-i82871-বাংলাদেশে_করোনা_নিয়ে_আত্মতুষ্টিতে_না_ভুগতে_কাদেরের_অনুরোধ
বাংলাদেশে করোনা সংক্রমণের বর্তমান অবস্থা দেখে আত্মতুষ্টিতে ভোগা বা অবহেলা না করার অনুরোধ জানিয়ে ক্ষমতসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে কোনো সময়ে এ সংক্রমণ প্রাণঘাতী রূপ নিতে পারে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২০ ১১:১৫ Asia/Dhaka
  • আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলাদেশে করোনা সংক্রমণের বর্তমান অবস্থা দেখে আত্মতুষ্টিতে ভোগা বা অবহেলা না করার অনুরোধ জানিয়ে ক্ষমতসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে কোনো সময়ে এ সংক্রমণ প্রাণঘাতী রূপ নিতে পারে।

আজ সোমবার (সেপ্টেম্বর) সকালে সরকারি বাসভবন থেকে এক ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনার সংক্রমণ দেশজুড়ে কমে এসেছে এ কথা এখনো বলা যাচ্ছে না স্পষ্ট করে। এর মাঝে গতকাল গবেষকরা জানিয়েছেন বাংলাদেশ এ ভাইরাস দ্রুতগতিতে রূপ পরিবর্তন করছে। বিশ্বে রূপান্তরের হার প্রায় সাত শতাংশ হলেও বাংলাদেশে এ হার প্রায় ১৩%। এছাড়া অনেক দেশে করোনার সংক্রমণে সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে।

এ অবস্থায় সংক্রমণের বর্তমান পর্যায়ে নিয়ন্ত্রিত অবস্থা দেখে আত্মতুষ্টিতে ভোগা বা অবহেলা না করার অনুরোধ করেন ওবায়দুল কাদের।তিনি সকলকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি পালনে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

ওবায়দুল কাদের তার ভাষায় বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির রোল মডেল হিসেবে স্বীকৃত। করোনায় বিশ্ব অর্থনীতির স্থবিরতার মাঝেও অতি সম্প্রতি রেমিটেন্স প্রবাহ, রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড গড়েছে বাংলাদেশ।

আওয়ামী লীগের এই নেতা আরো দাবী করেন, ‘মাথাপিছু আয় বর্তমানে ২ হাজার ৬৪ ডলার। মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র হ্রাস, কর্মসংস্থান বৃদ্ধি, আমদানি নির্ভরতার বিপরীতে রফতানি বৃদ্ধি, বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি, খাদ্যনিরাপত্তা, শিল্পের বিকাশসহ প্রতিটি সূচকে ইতিবাচক অর্জনে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ আজ শক্তিশালী অবস্থানে।’

এ সময় প্রধান প্রতিপক্ষ রাজনৈতিক দল বিএনপি’র সমালেচনা করে ওবায়দুল কাদের বলেন, অর্থনীতি এবং সামাজিক উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য বিএনপি দেখতে পায় না। শতকরা ৮শতাংশের উপরে প্রবৃদ্ধি বিএনপি কখনো নিজেদের আমলে ভাবতে পেরেছিল? ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন এবং বাস্তবায়ন কি দুর্বল অর্থনীতির পরিচয় বহন করে।’

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিএনপি’র উদ্দেশ্যে বলেন, এদেশের রাজনীতিতে অশান্তির বিষবাষ্প আপনারাই ছড়িয়েছেন। সন্ত্রাস ষড়যন্ত্র আর হত্যার রাজনীতির প্যাটেন্ট আপনাদেরই। শেখ হাসিনা বিভেদের রাজনীতিতে বিশ্বাসী নয়, আপনারাই বিভেদের রাজনীতির ধারক ও বাহক। সম্প্রীতির বাংলাদেশ এর মূলে আপনারাই বারবার কুঠারাঘাত করেছেন। সরকারের সমালোচনা করতে গিয়ে দেশকে ছোট করছেন। নেতিবাচক রাজনীতি ও মিথ্যাচার আপনাদেরকে আগের চেয়েও জনবিচ্ছিন্ন করে তুলছে এবং এভাবে চলতে থাকলে আপনারা ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন।’#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।