আদালতের রায়ে রিফাতের বাবা খুশি, উচ্চ আদালতে যাবেন মিন্নির বাবা
https://parstoday.ir/bn/news/bangladesh-i83481-আদালতের_রায়ে_রিফাতের_বাবা_খুশি_উচ্চ_আদালতে_যাবেন_মিন্নির_বাবা
ছেলে রিফাত শরীফ হত্যা মামলায় পুত্রবধূ আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয় আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার রায় ঘোষণার পর আব্দুল হালিম দুলাল শরীফ বলেছেন, 'আমি ও আমার পরিবারের সবাই এ রায়ে অত্যন্ত খুশি হয়েছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই।'
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২০ ১৬:০৬ Asia/Dhaka
  • আদালতের রায়ে রিফাতের বাবা খুশি, উচ্চ আদালতে যাবেন মিন্নির বাবা

ছেলে রিফাত শরীফ হত্যা মামলায় পুত্রবধূ আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয় আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার রায় ঘোষণার পর আব্দুল হালিম দুলাল শরীফ বলেছেন, 'আমি ও আমার পরিবারের সবাই এ রায়ে অত্যন্ত খুশি হয়েছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই।'

আজ (বুধবার) দুপুরে রায় ঘোষণার পর রিফাতের বাবা আরো বলেন, 'সংশ্লিষ্ট সবাই এ মামলার বিচারকাজ আন্তরিকভাবে করেছেন। সেজন্য আমার ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে  আন্তরিক শুভেচ্ছ ও ধন্যবাদ জানাচ্ছি।' এদিকে, বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ৬ জনের ফাঁসির আদেশ দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন মিন্নির বাবা মো. মোজাম্মেল হোসেন কিশোর।

আজ বুধবার বেলা সোয়া দুইটার দিকে রায় ঘোষণা শেষ হওয়ার পর আদালত প্রাঙ্গণে গণমাধ্যমকে এসব কথা বলেন মোজাম্মেল হোসেন কিশোর। রায়ে অসন্তুষ্ট মিন্নির বাবা মো. মোজাম্মেল হোসেন কিশোর বলেন, 'আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। কিন্তু মিন্নির প্রতি অবিচার করা হয়েছে। আমরা উচ্চ আদালতে যাব।'

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯) ও আয়শা সিদ্দিকা মিন্নি (১৯)।

এছাড়া এ মামলায় চার আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন- মো. মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।#

পার্সটুডে/বাবুল আখতার/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।