শীতে করোনার প্রকোপ বৃদ্ধির আশংকা প্রধানমন্ত্রীর: জনগণকে সতর্ক থাকার আহ্বান
-
শেখ হাসিনা
আসন্ন শীতে করোনার প্রকোপ বৃদ্ধির আশংকা ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো সকলকে এ ব্যাপারে সতর্ক থেকে নিজেদের সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছেন। আজ (শনিবার) জাতীয় সমবায় দিবস উদযাপন এবং জাতীয় সমবায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এ সময় শেখ হাসিনা বলেছেন, 'সামনে শীত আসছে। শীতে করোনার প্রকোপ কিছুটা বাড়ে। সেখান থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। আমরা যে স্বাস্থ্য নির্দেশনা দিয়েছি সেগুলো মেনে চলতে হবে। ইউরোপের অনেক দেশ কিন্তু লকডাউন ঘোষণা করেছে, আমরা এখনো করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।'
করোনায় ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু : শনাক্ত ১, ২৮৯ জন:
এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৪৯ জনে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে এক হাজার ২৮৯ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত চার লাখ ১৮ হাজার ৭৬৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৪১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৩৬ হাজার ৫৬৮ জন হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয় যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু। এ ছাড়া গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।#
পার্সটুডে/আবদুর রহমান খান/এনএম/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।