গুয়াহাটিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু: আরো এক বাংলাদেশীকে গুলি করে হত্যা
https://parstoday.ir/bn/news/bangladesh-i85528-গুয়াহাটিতে_বিজিবি_বিএসএফ_সীমান্ত_সম্মেলন_শুরু_আরো_এক_বাংলাদেশীকে_গুলি_করে_হত্যা
বাংলাদেশ যখন বিজয়ের মাস উদযাপন করছে, যখন আসামের গুয়াহাটিতে মহাপরিচালক পর্যায়ে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন চলছে, ঠিক তখন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত কয়েকদিনের ব্যবধানে বিভিন্ন সীমান্তে গুলি নারীসহ কয়েকজন বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ২৩, ২০২০ ১৭:৩৪ Asia/Dhaka
  • গুয়াহাটিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু: আরো এক বাংলাদেশীকে গুলি করে হত্যা

বাংলাদেশ যখন বিজয়ের মাস উদযাপন করছে, যখন আসামের গুয়াহাটিতে মহাপরিচালক পর্যায়ে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন চলছে, ঠিক তখন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত কয়েকদিনের ব্যবধানে বিভিন্ন সীমান্তে গুলি নারীসহ কয়েকজন বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ।

গতকাল (মঙ্গলবার) রাতে হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্তের ১১২৪নং মেইন পিলারের ৫এস সংলগ্ন স্থানে বিএসএফ-এর গুলিতে নিহত হয়েছেন গোবরাকুড়া গ্রামের মৃত আবদুল হেকিমের ছেলে মো. খাইরুল ইসলাম (৪০)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোবরাকুড়া ক্যাম্প ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খায়রুল গতকাল রাতে গোবরাকুড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার গাছুয়াপাড়ায় বিএসএফের টহল দল তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় খায়রুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।

গুয়াহাটিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের পাঁচ দিনব্যাপী ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের রাজধানী গুয়াহাটিতে ৫১তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) থেকে শনিবার (২৬ ডিসেম্বর) পর্যন্ত এই সম্মেলন চলবে।

সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করে। বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করেছেন। অপরদিকে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ১২ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলটি ভারতে প্রবেশ করে। এ সময় তামাবিল সীমান্তে তাকে স্বাগত জানান বিএসএফের মেঘালয় ফ্রন্টিয়ার আইজি হরজিত সিংহসহ বিএসএফের একটি প্রতিনিধি দল। অপরদিকে বিজিবি মহাপরিচালক তামাবিল সীমান্তে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান।

বিজিবির এক কর্মকর্তা জানান, সম্মেলনে সীমান্তে হত্যা বন্ধের পাশাপাশি ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্যের চোরাচালান এবং অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান রোধে অস্ত্র ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য বিনিময় করা হবে। এছাড়া বিএসএফ এবং ভারতীয় নাগরিক কর্তৃক সীমানা লঙ্ঘন, অবৈধ পারাপার, অনুপ্রবেশ রোধ, সীমান্তের ১৫০ গজের মধ্যে ভারত কর্তৃক অনুমোদনহীন উন্নয়নমূলক নির্মাণকাজ না করা এবং বন্ধ থাকা বাংলাদেশের অন্যান্য উন্নয়নমূলক কাজ যত দ্রুত সম্ভব সমাধান করার বিষয়ে আলোচনা হবে।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান / বাবুল আখতার/ ২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।