স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার যোগ্য করে সশস্ত্র বাহিনী গড়ছি: হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i85704-স্বাধীনতা_সার্বভৌমত্ব_রক্ষার_যোগ্য_করে_সশস্ত্র_বাহিনী_গড়ছি_হাসিনা
বাংলাদেশের   প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো বলেছেন, 'আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কিন্তু আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সকল প্রস্তুতি ও প্রশিক্ষণ নিতে হবে এবং আমরা আমাদের প্রতিটি বাহিনীকে সেভাবেই গড়ে তুলছি।'  
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
ডিসেম্বর ৩০, ২০২০ ১৪:১৬ Asia/Dhaka
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের   প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো বলেছেন, 'আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কিন্তু আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সকল প্রস্তুতি ও প্রশিক্ষণ নিতে হবে এবং আমরা আমাদের প্রতিটি বাহিনীকে সেভাবেই গড়ে তুলছি।'  

আজ (বুধবার) চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমীতে শীতকালীন 'রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২০' আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে  প্রধানমন্ত্রী  বলেন, আমরা (আমাদের দেশের) স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সকল প্রস্তুতি নেব। কিন্তু কারও সঙ্গে যুদ্ধ করার জন্য নয়, সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারও সঙ্গে বৈরিতা নেই -এই পররাষ্ট্রনীতি নিয়েই আমরা চলব।

এ সময়  শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য হল নিজস্ব শিপইয়ার্ডে আমরা আমাদের যুদ্ধ জাহাজ তৈরি করব। এর জন্য আমরা ইতোমধ্যে কিছু কার্যক্রম শুরু করেছি। তাছাড়া কক্সবাজারের পেকুয়াতে আমরা সাবমেরিন ঘাঁটি নির্মাণ করছি। সরকার চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের ডকইয়ার্ড এবং খুলনা শিপইয়ার্ড নৌবাহিনীর হাতে তুলে দিয়েছে।

শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার ২০৩০ সালের 'ফোর্সেস গোল' অনুসরণ করে নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করেছে।

তিনি বলেন, সরকার নৌবাহিনীকে আরও শক্তিশালী করার জন্য ইতোমধ্যে নৌবাহিনীতে মোট ২৭টি যুদ্ধ জাহাজ সংযোজন করেছে। ২০১৭ সালে নৌবহরে ২টি অত্যাধুনিক সাবমেরিন সংযোজন করেছে। আরও উন্নত প্রশিক্ষণ দেয়ার জন্য বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ করেছে।

বিশাল সমুদ্র সম্পদ সম্পর্কে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সামুদ্রিক সম্পদ ব্যবহারের কাজ করছে। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাঙালি জাতি একটি স্বাধীন জাতি।

অনুষ্ঠানে কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল পুরস্কার তুলে দেন।#

ARK-30


বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।