বাঁশখালীতে নিহত ৭, ক্ষতিপূরণ চেয়ে রিট, হকার্স ইউনিয়নের বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/bangladesh-i90508-বাঁশখালীতে_নিহত_৭_ক্ষতিপূরণ_চেয়ে_রিট_হকার্স_ইউনিয়নের_বিক্ষোভ
বাংলাদেশের চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন বিদ্যুৎ প্রকল্পে পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত আরও দু’জন শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট শ্রমিকের মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭ জনে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ২২, ২০২১ ১৩:১১ Asia/Dhaka

বাংলাদেশের চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন বিদ্যুৎ প্রকল্পে পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত আরও দু’জন শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট শ্রমিকের মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭ জনে।

এদিকে দেশের বিশিষ্ট নাগরিক গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সাধারণ মানুষের ওপর ‘অত্যাচারের খড়গ’ কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিকদের প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

হাইকোর্টে রিট দায়ের

বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাতজনের নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে পুলিশের গুলিতে নিহত প্রত্যেক পরিবারকে ৩ কোটি টাকা ও আহত প্রত্যেকের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এছাড়া নিহত ও আহত শ্রমিকদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন এ রিট দায়ের করেন।

এর আগে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হতাহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গত ১৮ এপ্রিল আইনি নোটিশ পাঠানো হয়।  

হকার্স ইউনিয়নের বিক্ষোভ

এ ছাড়া, চট্টগ্রামের বাঁশখালীতে গুলি করে ৭ শ্রমিক হত্যার প্রতিবাদে এবং কর্মহীন হকারদের খাদ্য ও আর্থিক সহায়তার দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। এই কর্মসূচি থেকে হত্যাকাণ্ডের শিকার শ্রমিকদের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা, শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং বকেয়া পাওয়া পরিশোধসহ সকল ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।

আজ দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন হকার্স ইউনিয়নের সভাপতি আবুল হাশেম কবীর। 

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল বেতনভাতা নিয়ে অসন্তোষ থেকে চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৭ শ্রমিক নিহত এবং ৩ পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।

এ ঘটনায় পুলিশের ওপর হামলা, কাজে বাধা দানের অভিযোগে বাঁশখালী থানা পুলিশ বাদি হয়ে গত শনিবার রাতে মামলা করেছেন। মামলায় অজ্ঞাত পরিচয় দুই হাজার থেকে আড়াই হাজারজনকে আসামি করা হয়।

এ ছাড়া, বিদ্যুৎকেন্দ্রে হামলা, গাড়ি পোড়ানোসহ ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ করে এসএস পাওয়ার প্ল্যান্টের চিফ কো–অর্ডিনেটর ফারুক আহমেদ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১ হাজার ৪০ থেকে ১০৫০ জনকে আসামি করে আরেকটি একটি মামলা রুজু করেছেন। তবে দুই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এ ঘটনায় দুটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

চীনা প্রতিষ্ঠান সেফকো থ্রি পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের অর্থায়নে বাংলাদেশের শিল্প গ্রুপ এস আলমের মালিকানায় এসএস পাওয়ার প্ল্যান্ট নামে এই বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।