বাংলাদেশে করোনায় আরও ৯৭ জনের মৃত্যু: টিকাদান কর্মসূচি বন্ধ
https://parstoday.ir/bn/news/bangladesh-i90720-বাংলাদেশে_করোনায়_আরও_৯৭_জনের_মৃত্যু_টিকাদান_কর্মসূচি_বন্ধ
বাংলাদেশে করোনায় আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৩০৬ জন। এর আগে গতকাল রোববার করোনায় ১০১ জনের মৃত্যু হয়েছিল এবং ২ হাজার ৯২২ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
এপ্রিল ২৬, ২০২১ ১৮:০৪ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় আরও ৯৭ জনের মৃত্যু: টিকাদান কর্মসূচি বন্ধ

বাংলাদেশে করোনায় আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৩০৬ জন। এর আগে গতকাল রোববার করোনায় ১০১ জনের মৃত্যু হয়েছিল এবং ২ হাজার ৯২২ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।

আজ (সোমবার) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ৭৮৬ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৮২ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ১১ হাজার ১৫০ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৬১ হাজার ৬৯৩ জন।

টিকাদান কর্মসূচি বন্ধ

বাংলাদেশে টিকার স্বল্পতার কারণেই আজ থেকে করোনার টিকার প্রথম ডোজ দেয়ার কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, আজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত করোনার প্রথম ডোজ টিকা দেয়া বন্ধ থাকবে দেশে।

প্রথম ডোজের কার্যক্রম বন্ধ করার কারণ উল্লেখ না থাকলেও সংশ্লিষ্ট মহল মনে করছেন, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তি অনুযায়ী টিকা সরবরাহ না পাওয়ায় ফলে টিকার স্বল্পতার কারণেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

হাইকোর্টে রিট

এদিকে, করোনাভাইরাস মোকাবিলায় স্বল্প, মাঝারি এবং দীর্ঘমেয়াদি জাতীয় পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আজ একটি রিট দায়ের করা হয়েছে। রিটে প্রাপ্ত বয়স্ক সব নাগরিককে টিকা দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

আজ মানবাধিকার সংস্থা ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন এর পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাওছার এ রিট দায়ের করেন।

রিটে বলা হয়েছে, স্বাস্থ্য সুরক্ষা এবং জীবন ধারণের অধিকার প্রত্যেকটি মানুষের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। সবাইকে মরণঘাতী ভাইরাসের টিকা দেওয়া সরকারের অন্যতম মৌলিক দায়িত্ব এবং প্রত্যেক নাগরিকের এই টিকা পাওয়ার অধিকার একটি মৌলিক অধিকার।

রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, ক্যাবিনেট সচিব, পরিকল্পনা সচিব, রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকে বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৭শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণটিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে। আর দ্বিতীয় ডোজ শুরু হয় ৮ই এপ্রিল থেকে। কেনা এবং উপহার পাওয়া মিলে এ পর্যন্ত  দেশে টিকা এসেছে এক কোটি দুই লাখ ডোজ।

বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই বিধিনিষেধ আগামী ৫ মে পর্যন্ত বলবৎ থাকবে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী এই বিধিনিষেধ ২৮ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিল।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ (সোমবার) গণমাধ্যমকে বলেছেন, করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জনস্বাস্থ্যবিদদের পরামর্শে বিধিনিষেধ এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দু’দিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। সেটি পরে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরইমধ্যে গতকাল রোববার থেকে দোকানপাট ও শপিং মল নির্দিষ্ট সময়ের জন্য খুলে দেওয়া হয়েছে।

ঈদুল ফিতরের নামাজ মসজিদে আদায়ের অনুরোধ

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে মসজিদে আদায়ের অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। আজ এক আদেশে এই অনুরোধ করা হয়।

আদেশে বলা হয়, ইসলামি শরিয়তে ঈদগাহ বা খোলা জায়গায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত আদায়ের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। কিন্তু বর্তমানে দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনায় এ বছর ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার অনুরোধ করা হলো। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাতের আয়োজন করা যাবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৬