করোনার ভ্যাকসিন সংগ্রহে সরকার দায়িত্বহীন- ফখরুল : উদ্বেগের কারণ নেই- কাদের
বাংলাদেশের বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, দুর্নীতির কারণেই টিকা সংগ্রহে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। আজ (রোববার) দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভ্যাকসিন সংগ্রহের বিষয়ে সরকার কতটা দায়িত্বহীন হলে, কতটা অযোগ্য হলে, জনগণের সঙ্গে তাদের সম্পর্ক কতটা বিচ্ছিন্ন হলে তারা এমন অদূরদর্শী সিদ্ধান্ত নিতে পারে। এমনটি করার উদ্দেশ্য হচ্ছে- শুধুমাত্র দুর্নীতি, অন্য কোনো কারণ নয়’
এর আগে, দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে ভ্যাকসিনের অভাবে টিকা কার্যক্রম হঠাৎ করেই বন্ধ করায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সভায় উল্লেখ করা হয় যে, আমাদের দেশের সকল স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিএনপি এই বিষয়ে প্রথম থেকেই সরকারকে সতর্ক করেছে। কিন্তু তারা কোনো কর্ণপাত তো করেননি উপরন্তু তারা বিভিন্ন রকমের বিদ্রূপাত্মক কথা বলেছে। বলেছে- তারা অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে টিকা প্রদান কর্মসূচি পালন করে আসছে এবং এ বিষয়ে কোনো সদস্যা হবে না বলে নিশ্চিত করেছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বার বার করে বলেছিলাম যে, টিকার বিকল্প উৎস রাখা উচিত এবং এই বিকল্প উৎস না রাখলে যেটা হবে হঠাৎ করেই যদি কোনো উৎস থেকে বন্ধ হয়ে যায়, তখন কিন্তু দেশের পুরো স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়বে। সরকার কোনো কর্ণপাত না করে শুধু মাত্র তাদের দুর্নীতির জন্য তারা তাদের নিজস্ব দুর্নীতিপরায়ণ কোম্পানির মাধ্যমে শুধু ভারত থেকেই ভ্যাকসিন সংগ্রহ করতেই কার্যক্রম গ্রহণ করেছিল। যে কারণে আজকে গোটা জাতি বিপদগ্রস্ত হয়েছে।’
ভ্যাকসিনের জন্য উদ্বেগের কোনো কারণ নেই: কাদের
এদিকে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভ্যাকসিনের জন্য উদ্বেগের কোনো কারণ নেই, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন মানবিক নেত্রী যখন পাশে আছে, তখন এই দুঃসময় একদিন কেটে যাবে ইনশাআল্লাহ।’
আজ (রোববার) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিসি ও বিআরটিএ’র সিলেট জোনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।
মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, ‘করোনাকে বোঝা বড়ই মুশকিল, কখন কী রূপ ধারণ করে তা বোঝা যায় না। তাই স্বাস্থ্যবিধি ও শতভাগ মাস্ক পরার কোনো বিকল্প নেই। আমাদের আরও মনোযোগী হতে হবে কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন করায়।’
ওবায়দুল কাদের বলেন, ‘ভারতে আজকে কী অবস্থা! একটি বেড ও অক্সিজেনের জন্য হাহাকার। হাসপাতালে যাওয়ার আগেই মানুষ মারা যাচ্ছে। তাদের শ্মশান ও কবরস্থান খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের এখন সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রতিবেশী ভারতের সংক্রমণ ও মৃত্যুর হারের বিপদজনক বার্তা থেকে।’
এ সময় তিনি বিআরটিএ-কে দুর্নীতি, অনিয়ম এবং লোকসানের বৃত্ত থেকে বেরিয়ে আসার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন।#