শেখ হাসিনা 'কুরআন সুন্নাহর বাইরে কিছু করেন না'
যারা হেফাজতের নামে দুষ্কর্ম করে, অত্যাচার করে তারা অমানুষ:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ইসলাম ধর্ম কখনো সহিংসতার কথা বলে না। ইসলাম শান্তির ধর্ম। যারা হেফাজতের নামে দুষ্কর্ম করে, নিষ্ঠুরতা করে, অত্যাচার করে এরা মানুষ না এরা অমানুষ।’
শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদীখানে হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, ‘আমি নিজে এসে দেখে গেলাম, আমি আপনাদের সাথে ওয়াদা করছি যারা এই সহিংসতার সাথে জড়িত তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব।’
তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী দুর্বার গতিতে এগিয়ে চলছেন। তিনি নিজেও একজন মুসলমান, তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, সময় মতো তাহাজ্জুদ পড়েন, কুরআন পড়েন, তার হাতে বাংলাদেশ, তিনি কুরআন সুন্নাহর বাইরে কিছু করেন না।’
উল্লেখ্য গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদীখানের রাজনগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এসএম আলমগীর কবিরের বাড়িসহ ওই ইউনিয়নের ১০টি বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা।
এদিকে, বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগে এবার হেফাজতে ইসলামের আরেক নেতা জাকারিয়া নোমান ফয়জীকে ধর্ষণের মামলার আসামি করা হয়েছে। এর আগে হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধেও একই অভিযোগে মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানায় এক নারী বাদী হয়ে জাকারিয়া নোমান ফয়জীর বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেছেন।
গত বুধবার (৪ মে) বিকেলে কক্সবাজার জেলার চকরিয়া থেকে জেলা পুলিশের গোয়েন্দা ইউনিটের একটি দল জাকারিয়া নোমান ফয়জীকে গ্রেফতার করে।
গত ২৬ মার্চ চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় তিনি পাঁচ দিনের রিমান্ডে আছেন। হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ছিলেন তিনি।#
পার্সটুডে/এআরকে/-৭