পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে উল্টো মামলা করছে: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i96114-পুলিশ_বিএনপির_নেতাকর্মীদের_ওপর_হামলা_করে_উল্টো_মামলা_করছে_রিজভী
বাংলাদেশের বিরোধীদল বিএনপি অভিযোগ করেছে, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে গতকাল পরিকল্পিতভাবে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে পুলিশ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ১৮, ২০২১ ১১:৩৪ Asia/Dhaka
  • পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে উল্টো মামলা করছে: রিজভী

বাংলাদেশের বিরোধীদল বিএনপি অভিযোগ করেছে, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে গতকাল পরিকল্পিতভাবে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে পুলিশ।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন উপলক্ষে আজ (বুধবার) সকালে কেরানিগঞ্জে এক দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন। 

তিনি বলেন, বিএনপিকে নির্মূল করতে সরকার মরিয়া। তারা লোক সমাগম দেখলে ভয় পায়। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে হাজার হাজার লোকের সমাগম দেখে ভীত হয়ে এ হামলা করেছে।

রিজভী বলেন, ক্ষমতায় টিকে থাকতে সর্বোচ্চ নিপীড়ন নির্যাতন করছে সরকার। গতকাল পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে রক্তাক্ত করে উল্টো বিএনপির নেতাদের মামলা করছে, আটক করছে। পুলিশের হামলায় গুরুতর আহত মহানগর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল ইসলাম ও দলের সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিএনপি-পুলিশ সংঘর্ষ

এদিকে, রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে গতকাল বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মঙ্গলবার রাতেই তিনটি মামলা রুজু হয়েছে। এর মধ্যে মেট্রোরেল কর্তৃপক্ষ দুটি এবং পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

মেট্রোরেল কর্তৃপক্ষের করা মামলায় বলা হয়েছে, তাদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে তাদের ৩০ থেকে ৪০ লাখ টাকা ক্ষতি হয়েছে। আর সরকারি কাজে বাধা, মারধরের অভিযোগে পুলিশের পক্ষ থেকে অন্য মামলাটি করা হয়েছে।

এর মধ্যে পুলিশের করা মামলায় বিএনপির ঢাকা উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ ১৫৫ জনকে এবং মেট্রোরেল কর্তৃপক্ষের মামলায় অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানান তিনি। 

এ ঘটনায় এ পর্যন্ত ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে ওসি জানে আলম মুন্সী বলেন, গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের জন্য চন্দ্রিমা উদ্যানে সামনে জড়ো হন।  সে সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশের লাঠিপেটা, কাঁদুনে গ্যাস ও রাবার বুলেটে ঢাকা মহানগর বিএনপির উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।# 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।