প্রাক-নির্বাচনী সহিংসতায় কুষ্টিয়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যা: পিরোজপুরে দু’জন গুলিবিদ্ধ
https://parstoday.ir/bn/news/bangladesh-i99744-প্রাক_নির্বাচনী_সহিংসতায়_কুষ্টিয়ায়_দুই_ভাইকে_কুপিয়ে_হত্যা_পিরোজপুরে_দু’জন_গুলিবিদ্ধ
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় কুষ্টিয়ার গাংনীতে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর ধলাগ্রামে এ ঘটনা ঘটে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
নভেম্বর ০৮, ২০২১ ১৯:০৯ Asia/Dhaka
  • প্রাক-নির্বাচনী সহিংসতায় কুষ্টিয়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যা: পিরোজপুরে দু’জন গুলিবিদ্ধ

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় কুষ্টিয়ার গাংনীতে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর ধলাগ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লক্ষীনারায়নপুর ধলাগ্রামের সুলতান মিয়ার ছেলে জাহারুল ইসলাম (৫৫) ও তার ভাই সাহাদুল ইসলাম (৫০)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান জানান, সহিংসতার সংবাদ পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সহোদরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

এ ছাড়া পিরোজপুরের সদর উপজেলায় নির্বাচনী সহিংসতায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। রবিবার রাত পৌনে আটটার দিকে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দু’জন হলেন- জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ভিপি ফয়সাল মাহাবুব শুভ এবং মেহেদী হাসান।

আগের দিন শনিবার  মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০জন আহত হয়েছে। এ ছাড়া প্রায় ৫০টি মোটরসাইকেল ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকালে কয়ারিয়া ইউনিয়নের তালতলা বাজারে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন জমাদারের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান নুর মোহাম্মদ মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া, নির্বাচনী ক্যাম্প ও মোটরসাইকেল ভাঙচুর, এসব ঘটনায় ভোলার দৌলতখান উপজেলায়  অন্তত শতাধিক কর্মী সমর্থক আহত হয়েছেন। সর্বশেষ গত শনিবার সন্ধ্যায় দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ২নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। অন্যদিকে গতকাল রোববার সকালে উপজেলার চরখলিফা ৪নং ওয়ার্ডের আলমগীর হোসেন নামে এক মেম্বার প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন এবং তার পোস্টার পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

এ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের সমর্থকদের হামলা, মারপিট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন এলাকাবাসী।

 

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার /৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।