গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/event-i138098-গাজা_উপত্যকায়_ত্রাণ_সরবরাহ_বন্ধ_করে_দিয়েছে_আমেরিকা
মার্কিন সামরিক বাহিনী সমুদ্রপথে অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে। গাজা উপকূলে নির্মিত মার্কিন অস্থায়ী ঘাঁট প্রচণ্ড সামুদ্রিক ঝড়ে ধ্বংস হয়ে যাওয়ার পর ত্রাণ সরবরাহ বন্ধের ঘোষণা দিল মার্কিন বাহিনী। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৯, ২০২৪ ১১:১৭ Asia/Dhaka
  • গাজা উপকূলে নির্মিত মার্কিন অস্থায়ী ঘাঁট
    গাজা উপকূলে নির্মিত মার্কিন অস্থায়ী ঘাঁট

মার্কিন সামরিক বাহিনী সমুদ্রপথে অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে। গাজা উপকূলে নির্মিত মার্কিন অস্থায়ী ঘাঁট প্রচণ্ড সামুদ্রিক ঝড়ে ধ্বংস হয়ে যাওয়ার পর ত্রাণ সরবরাহ বন্ধের ঘোষণা দিল মার্কিন বাহিনী। 

গতকাল (মঙ্গলবার) এনবিসি টেলিভিশন জাতিসংঘের একজন কর্মকর্তার বরাত দিয়ে এই খবর দিয়েছে। 

মার্কিন বাহিনী জানিয়েছে, বাজে আবহাওয়ার কারণে তাদের নির্মাণ করা ঘাঁটের মারাত্মক রকমের ক্ষতি হয়েছে। এ অবস্থায় তারা ঘাঁট ব্যবহার করে ত্রাণ সরবরাহের কার্যক্রম অব্যাহত রাখতে পারবে না। এর আগে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সামুদ্রিক ঝড়ে তাদের চারটি সামরিক নৌযান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আমেরিকান সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ক্ষতিগ্রস্ত চারটি নৌযানের মধ্যে দুটি গাজা উপকূলে নির্মিত ঘাঁটের কাছে ছিল এবং অন্য দুটি ছিল অধিকৃত আশকেলন বন্দরের কাছে।

এরইমধ্যে সামজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যায়- মার্কিন জাহাজের কিছু অংশ এবং ঘাঁটের অংশ বিশেষও বিভিন্ন এলাকায় ভাসছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৯