মার্কিন বিমানবাহী রণতরীতে আবার হামলা চালানোর হুমকি দিল ইয়েমেন
নিজের রণতরী আক্রান্ত হওয়ার খবর চেপে গেছে আমেরিকা: ইয়েমেন
-
আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস ডোয়াইট ডি. আইজেনহাওয়ার (ফাইল ছবি)
ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল-মালিক আল-হুথি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ারে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, এ পর্যন্ত লোহিত সাগরে দুইবার ওই রণতরীতে হামলা চালানো হলেও সে খবর স্বীকার করেনি আমেরিকা।
হুথি বৃহস্পতিবার সানায় এক বক্তব্যে বলেন, “ইয়েমেনের সশস্ত্র বাহিনী সুযোগ পেলেই আবার মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারে হামলা চালাবে।” তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “পরবর্তী হামলা হবে অনেক বেশি শক্তিশালী ও কার্যকর।”
ইয়েমেনের ওপর ইঙ্গো-মার্কিন হামলার প্রতিশোধ নিতে গত শুক্র ও শনিবার লোহিত সাগরে মার্কিন রণতরীটির উপর পরপর দুইবার হামলা চালায় ইয়েমেন। ইয়েমেন যাতে গাজা উপত্যকার প্রতি সংহতি জানিয়ে ইসরাইলবিরোধী অভিযান চালাতে না পারে সেজন্য গত কয়েক মাস ধরে ইয়েমেনের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী।
অতি সম্প্রতি ইঙ্গো-মার্কিন যুদ্ধবিমানগুলোর পাশাপাশি মার্কিন রণতরীগুলো থেকে ইয়েমেনের সানা, হুদায়দা ও তায়িজ প্রদেশে ব্যাপক হামলা চালানো হয়। ওই হামলায় অন্তত ১৬ জন নিহত ও অপর ৪০ জন আহত হন।
আল-হুথি বলেন, গত শুক্র ও শনিবার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইউএসএস আইজেনহাওয়ারে দুই দফায় সাতটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়। আনসারুল্লাহ নেতা বলেন, দুই দফায় হামলার শিকার হওয়ার পর যুদ্ধজাহাজটি লোহিত সাগরের উত্তর দিকে সরে যায়। হামলা চালানোর সময় এটি ইয়েমেন উপকূল থেকে ৪০০ কিলোমিটার দূরে থাকলেও পরে এটিকে সরিয়ে বর্তমানে ৮৮০ কিলোমিটার দূরে সৌদি আরবের জেদ্দা উপকূলে রাখা হয়েছে।
আব্দুল-মালেক আল-হুথি বলেন, যুদ্ধজাহাজটিতে ইয়েমেনের হামলা ছিল সফল এবং এর ফলে দুই দিন ধরে এটির এয়ার ট্রাফিক কন্ট্রোল কাজ করেনি। তিনি বলেন, কিন্তু নিজের রণতরী হামলার শিকার হয়েছে একথা প্রচার হলে সম্মানহানি হবে বলে মার্কিন বিমান বাহিনী ঘটনাটি চেপে গেছে। তবে যতই ধামাচাপা দিয়ে রাখা হোক না কেন সত্য প্রকাশ পাবেই বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।#
পার্সটুডে/এমএমআই/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।