গাজায় ইসরাইলি বিমান হামলা
পুরো পরিবার শেষ, শহীদ হয়েছেন কয়েক ডজন
অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলের একটি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় একটি পরিবারের সব সদস্য শহীদ হয়েছেন। গাজা উপত্যকায় গত ১০ মাসেরও বেশি সময় ধরে দখলদার সেনারা যে বর্বরতা চালাচ্ছে এটি তার সর্বশেষ নজির।
ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল (মঙ্গলবার) মধ্যরাতের আগ মুহুর্তে নুসাইরাত শরণার্থী শিবিরকে লক্ষ্য করে ইসরাইলি বাহিনী এই হামলা চালায়। এতে "পুরো আবু নাবা পরিবার ধ্বংস হয়ে যায়।" হামলায় সাত সদস্যের পরিবারের মা, বাবা এবং দুই থেকে ১১ বছর বয়সী পাঁচটি শিশু শহীদ হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, মৃতদেহগুলোকে মধ্য গাজার আল-আকসা শহীদ হাসপাতালে নেয়া হয় এবং "মৃত শিশুদের মধ্যে সবচেয়ে ছোট শিশুর বয়স দুই বছর যার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।" ফিলিস্তিনি বার্তা সংস্থা মা’আন আজ (বুধবার) একটি বিস্তারিত প্রতিবেদনে বলেছে, যুদ্ধের ৩১৩তম দিনে ইসরাইলি যুদ্ধবিমান গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। এতে ৩২ ফিলিস্তিনি শহীদ এবং ৪৪ জন আহত হয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/১৪