ইসরাইলের রাতব্যাপী হামলায় ২০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ
https://parstoday.ir/bn/news/event-i140876-ইসরাইলের_রাতব্যাপী_হামলায়_২০_জনের_বেশি_ফিলিস্তিনি_শহীদ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে গতরাতে ২০ জনের বেশি ফিলিস্তিন শহীদ হয়েছেন। ইসরাইলি বাহিনী গাজার বিভিন্ন আবাসিক এলাকা ও স্কুলে আশ্রয় নেয়া উদ্বাস্তু লোকজনের ওপর হামলা চালায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২২, ২০২৪ ১৪:৩৮ Asia/Dhaka
  • ইসরাইলের রাতব্যাপী হামলায় ২০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে গতরাতে ২০ জনের বেশি ফিলিস্তিন শহীদ হয়েছেন। ইসরাইলি বাহিনী গাজার বিভিন্ন আবাসিক এলাকা ও স্কুলে আশ্রয় নেয়া উদ্বাস্তু লোকজনের ওপর হামলা চালায়।

গত মধ্যরাতে ইসরাইলি বাহিনী উত্তর গাজার বেইত লাহিয়া এলাকার একটি বাড়িতে বিমান হামলা চালালে ১১ ফিলিস্তিনি শহীদ হন। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা এ খবর দিয়েছে। 

ফিলিস্তিনের মেডিকেল সূত্র জানিয়েছে, ইসরাইলি হামলায় যে সমস্ত ব্যক্তি শহীদ হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু। হামলায় অনেকের দেহ পুড়ে গেছে এবং আহত ব্যক্তিদেরকে কামাল আদওয়ান হাসপাতালে ভর্তি করা হয়। হতাহতদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে পড়ে রয়েছে।

এদিকে, ইহুদিবাদী বাহিনী মধ্য গাজার মাগাজি উদ্বাস্তু শিবিরের একটি বাড়িতে হামলা চালায়। সেখানে অন্তত ছয় ফিলিস্তিনি শহীদ এবং বেশ কয়েকজন আহত হন। জাবালিয়া শরণার্থী শিবিরের তাল আল-যাতার এলাকার একটি আবাসিক ভবনে ইহুদিবাদীদের হামলায় অন্তত তিন ফিলিস্তিনি শহীদ হন। সেখানে এক নারী ও এক শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া, খান ইউনুস শহরের আবু জাক্কা পরিবারের ওপর ইহুদিবাদী ইসরাইলের হামলায় এক মা ও তার শিশু সন্তান শহীদ হয়েছেন 

গত ৭ আগস্টের পর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে। ইসরাইলের হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৪০ হাজার ২২৩ জন ফিলিস্তিন শহীদ এবং ৯২ হাজার ৯৮১ জন আহত হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।