ইসরাইল 'সমস্ত রেডলাইন' অতিক্রম করেছে: হাসান নাসরুল্লাহ
https://parstoday.ir/bn/news/event-i140996-ইসরাইল_'সমস্ত_রেডলাইন'_অতিক্রম_করেছে_হাসান_নাসরুল্লাহ
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, দখলদার ইসরাইল দক্ষিণ বৈরুতের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে "সমস্ত রেডলাইন" অতিক্রম করেছে। এর বিরুদ্ধে হিজবুল্লাহ ভবিষ্যতে আরো প্রতিশোধমূলক হামলা চালাবে। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ২৬, ২০২৪ ১৫:০৭ Asia/Dhaka
  • সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, দখলদার ইসরাইল দক্ষিণ বৈরুতের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে "সমস্ত রেডলাইন" অতিক্রম করেছে। এর বিরুদ্ধে হিজবুল্লাহ ভবিষ্যতে আরো প্রতিশোধমূলক হামলা চালাবে। 

হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার প্রতিশোধ হিসেবে সংগঠনটি ইসরাইলের কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর ওপর শত শত রকেট ও ড্রোন নিক্ষেপ করার পর গতকাল (রোববার) সরাসরি সম্প্রচারিত টেলিভিশন ভাষণে সাইয়েদ হাসান নাসরুল্লাহ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, হিজবুল্লাহ তার সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলায় বেসামরিক লোকদের পরিবর্তে ইসরাইলি সামরিক অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে। গতকালের হামলাকে তিনি "আরবাইন অপারেশন" বলে অভিহিত করেন। হিজবুল্লাহ নেতা আরো বলেন, তার যোদ্ধাদের প্রধান লক্ষ্যবস্তু ছিল গুপ্তচর ঘাঁটি এবং বিমান প্রতিরক্ষা ঘাঁটি যেগুলোকে আঘাত করা হয়েছে। তিনি বলেন, হিজবুল্লাহ যোদ্ধারা তেল আবিবের কাছে অবস্থিত গ্লিলোট সামরিক গুপ্তচর ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করার সিদ্ধান্ত নিয়েছে।

নাসরুল্লাহ আরো উল্লেখ করেন, ইসরাইল হিজবুল্লাহর কোনো কৌশলগত বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে আঘাত করতে ব্যর্থ হয়েছে। এছাড়া, হিজবুল্লাহর প্রতিশোধমূলক অভিযানের ক্ষয়ক্ষতির কথা গোপন করতে চাইছে দখলদার ইসরাইল।

হাসান নাসরুল্লাহ বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরাইলি গণহত্যা ও আগ্রাসন অবসানের জন্য যে যুদ্ধবিরতির আলোচনা চলছিল তার শেষ দেখার জন্য হিজবুল্লাহ এই অভিযান বিলম্বিত করেছিল।#

পার্সটুডে/এসআইবি/এমএএআর/২৬