ইসরাইলকে আগ্রাসী ক্ষমতা হারিয়ে আত্মরক্ষায় ব্যস্ত থাকতে হচ্ছে: ইরান
https://parstoday.ir/bn/news/event-i141010-ইসরাইলকে_আগ্রাসী_ক্ষমতা_হারিয়ে_আত্মরক্ষায়_ব্যস্ত_থাকতে_হচ্ছে_ইরান
ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী সামরিক বাহিনী শত চেষ্টা সত্ত্বেও নিজের আগ্রাসন চালানো ক্ষমতা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছে ইরান। তেহরান বলেছে, তেল আবিব এখন প্রতিরোধ যোদ্ধাদের কৌশলগত আক্রমণ মোকাবিলায় আত্মরক্ষা করতে বাধ্য হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৭, ২০২৪ ০৬:২১ Asia/Dhaka
  • ইসরাইলকে আগ্রাসী ক্ষমতা হারিয়ে আত্মরক্ষায় ব্যস্ত থাকতে হচ্ছে: ইরান

ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী সামরিক বাহিনী শত চেষ্টা সত্ত্বেও নিজের আগ্রাসন চালানো ক্ষমতা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছে ইরান। তেহরান বলেছে, তেল আবিব এখন প্রতিরোধ যোদ্ধাদের কৌশলগত আক্রমণ মোকাবিলায় আত্মরক্ষা করতে বাধ্য হচ্ছে।

ইসরাইলের বিভিন্ন কৌশলগত ঘাঁটি লক্ষ্য করে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ শত শত ড্রোন ও রকেট নিক্ষেপ করার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ মন্তব্য করলেন।

গত ৩০ জুলাই লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শোকরের শাহাদাতের বদলা নিতে রোববার ওই হামলা চালায় হিজবুল্লাহ। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন জানিয়েছে, হিজবুল্লাহর ওই হামলা ছিল ‘নিখুঁত ও কার্যকর।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দখলদার ইসরাইল সব সময় আগ্রাসনের মাধ্যমে নিজের সীমান্ত বৃদ্ধি করার অপকৌশল করে আসলেও এখন নিজের অধিকৃত ভূখণ্ড রক্ষা করতেই হিমশিম খেতে হচ্ছে।

কানয়ানি বলেন, পরাশক্তি আমেরিকার সর্বাত্মক সহযোগিতা সত্ত্বেও হিজবুল্লাহর সীমিত আক্রমণ প্রতিহত করার সক্ষমতাও হারিয়ে ফেলেছে ইহুদিবাদীরা।

ইসরাইল ও তার সমর্থকদের জন্য সময়টা বড্ড খারাপ যাচ্ছে বলেও মন্তব্য করেন ইরানের এই মুখপাত্র। হিজবুল্লাহ ইসরাইলের গভীর অভ্যন্তরে হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে বলে ইহুদিবাদীরা সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকে বলেও তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন